অবরোধ সমর্থকের নিহতের ঘটনায় তদন্ত কমিটি
১৪ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে হোটেল সোনারগাঁও-এর সামনে পুলিশের গাড়ির নীচে চাপা পড়ে এক অবরোধ সমর্থকের নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা মোঃ মাহমুদুল কবীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে বলা হয়, এই অনাকাঙ্খিত ঘটনার জন্য বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এতে আরো বলা হয়, গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত ব্যাখা দিয়ে বলা হয়, রাজধানীতে বেলা পৌনে ১১ টার দিকে অবরোধকারীরা হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারার কাছে ভিআইপি সড়কে জমায়েত হয়ে পিকেটিং ও যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করে। কর্তব্যরত পুলিশ তাদের সড়ক থেকে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানায়। কিন্তু অবরোধকারীরা পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিচার্য করে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা চালায়। পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশের খাবার বহনকারী একটি ট্রাক নিরাপদ আশ্রয়ের জন্য ফার্মগেট থেকে বাংলামোটরে দিকে যাওয়ার চেষ্টাকালে অনাকাঙ্খিতভাবে ওই ট্রাকের ধাক্কায় ২ অবরোধ সমর্থক আঘাত পায় বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
পরে পুলিশের একটি অ্যাম্বুলেন্সে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ওয়াজিউল্লাহ (৩৫) নগরীর তেজগাঁও শিল্প এলাকার আব্দুল মতিনের ছেলে।
