২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ কর্মসূচির ২য় দিনেও অচল সারাদেশ

নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১১ দফা দাবি পূরণ না হওয়ায় আওয়ামী লীগ ও ১৪ দলের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকাসহ সারাদেশ কার্যত অচল হয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

ঢাকার উদ্দেশে কোনো দূরপাল্লার বাস বা ট্রেন ছাড়েনি, ঢাকা থেকে সকালের দিকে দু একটি বাস ছাড়লেও পরে তা বন্ধ হয়ে যায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবরোধকারীরা পুলিশ সুপারের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে অবরোধকারী সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় সকালে একটি ট্রেন দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে অবরোধকারীরা বৃষ্টির মতো ঢিল ছুঁড়ে ট্রেনটি লক্ষ্য করে। পরে অবশ্য ট্রেন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।

দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকায় অবরোধকারীরা বেলা পৌনে ১১টার দিকে এসপির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ বেঁধে যায়। এসময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড টিয়ার গ্যাস ছুঁড়ে। এ ছাড়া নারায়ণগঞ্জে আট থেকে দশটি পয়েন্টে অবরোধকারীরা অবস্থান নিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: দ্বিতীয় দিনেও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান হেলালুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরারা পইরতলা রেলক্রসিং এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। সকাল ১০টায় আটক করা হয় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি। এর আগে সকালের দিকে অবরোধ উপেক্ষা করে বাল্লা ট্রেন পইরতলা এলাকা দ্রুতবেগে অতিক্রম করার সময় অবরোধকারীরা ট্রেনটি লক্ষ্য করে বৃষ্টির মতো ঢিল ছুঁড়তে থাকে। আশুগঞ্জ ও বিশ্বরোডের মোড়ে অবরোধের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী, পাঁচদোনা, সেকেচর, ভেলানগর, শিবপুর, ইটাখোলা ও বেলাব উপজেলার বারৈচা রেলপথে-ঘোড়াশাল, নরসিংদী, আমিরগঞ্জ, মেথিকান্দা খাঁনাবাড়ি ও লঞ্চঘাটে ১৪ দলের নেতাকর্মীরা সকাল থেকে মিছিল সমাবেশ করছে। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ: ময়মনসিংহের গৌরীপুর রেল স্টেশনে কর্মসূচির সমর্থনে নেতাকর্মীরা রেলপথে অবরোধ সৃষ্টি করে কিশোরগঞ্জ হয়ে ঢাকাগামী ঈশাখাঁ এক্সপ্রেস ও চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস আটকে দেয়। নাসিরাবাদ এক্সপ্রেসের ১৪ দলের কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় আহত হয় ট্রেনের চালক। অন্যদিকে কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ সড়কপথেও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

জয়পুরহাট: দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। ব্যাংক, বীমা অফিস খোলা থাকলেও তেমন কোন কাজ হয়নি। অবরোধকারীরা সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে শহরের পাঁচুরমোড়ে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের কুশপুত্তলিকা দাহ করে এবং স্থানীয় মুক্তমঞ্চে ১৪ দলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

রাজবাড়ী: জেলার দৌলতিয়া-পাটুরিয়া নৌ-পথে লঞ্চ বা ফেরী চলাচল করেনি। ছেড়ে যায়নি দুরপাল্লার কোন যান। জেলা সদরের সঙ্গে ৪টি উপজেলার সড়ক যোগাযোগও ছিল বিচ্ছিন্ন।

সকাল থেকেই ১৪ দলের নেতাকর্মীরা মহাসড়কের জামতলী, গোয়ালন্দের মোড় এবং রাজবাড়ী শহরের বড় পুল এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। এসময় বিভিন্ন পেশার নারী পুরুষ এবং নেতাকর্মীরা গণসঙ্গীত গেয়ে জমিয়ে রাখেন অবরোধস্থল। রেলপথে দূরপাল্লার আন্তঃনগর বা এক্সপ্রেস ট্রেন চলেনি। তবে প্রথমদিনের অবরোধে মাঝপথে আটকে যাওয়া একটি ট্রেন সোমবার দুপুরে রাজবাড়ী-দৌলতদিয়া রেলপথে চলতে দেখা গেছে।

গাইবান্ধা: জেলা শহরে দিনভর মিছিল ও স্থানীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার আইনজীবিরা আদালত বর্জন করে মিছিলসহকারে এসে অবরোধ কর্মসূচিতে যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, আমিনুল ইসলাম গোলাপ, শাহ শরিফুল ইসলাম বাবু, ফরহাদ আব্দুল্লাহ বাবলু, আনোয়ার--উল-হাসান সবুর, সিরাজুল ইসলাম বাবলু, শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, শাহ আশরাফ কবির প্রমুখ।

গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-দিনাজপুর মহাসড়কের চতুরঙ্গ মোড়ে জনতার বানানো মঞ্চে প্রতিবাদ সমাবেশ ও গণসঙ্গীত পরিবেশন করা হয়। জেলার কোথাও বাস, ট্রাক, ট্রেন চলাচল করেনি। সাঘাটা উপজেলার বোনাড়পাড়া রেল স্টেশন অবরোধ করে রাখার কারণে লালমনিরহাট--সান্তাহার রেল চলাচল বন্ধ রয়েছে।

সাভার: সকাল ৭টার দিকে বাজার বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ কর্মীরা একটি বাস ও প্রাইভেট কার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা একটি মিছিল বের করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন খান ইমু, পারভেজ দেওয়ান, আ. হালিম, পাভেল, রঞ্জন দাস রুনু, আলতাফ হোসেন খাজা প্রমুখ। এছাড়া অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল।

ফরিদপুর: ঢাকা-খুলনা-ফরিদপুর-বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়কপথে কোন যান চলাচল করেনি। শান্তি-শৃঙ্খলা রক্ষায় শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ৯ টার দিকে শহরের রাজবাড়ি সড়কের মোড়ে জেলা ১৪ দলের নেতাকর্মীরা সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নুল আবেদীন, এসএম নুরুন্নবী, হাসিবুল হাসান লাবলূ, আব্দুল হাই মিয়া, মাইনুদ্দীন আহমেদ মানু, আইভি মাসুদ, নাজমুল ইসলাম খন্দকার প্রমুখ।

টাঙ্গাইল: উত্তরাঞ্চলের সঙ্গে বঙ্গবন্ধু যমুনা সেতুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা আওয়ামী লীগ বেলা পৌনে ১২টায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খান, আলমগীর খান মেনু, আতাউর রহমান খান, য্বুলীগের সভাপতি শওকত রেজা, কাজী অলিদ ইসলাম, ফারুখ হোসেন মানিক প্রমুখ।

কেরানীগঞ্জ: সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ১৪ দলের নেতাকর্মীরা ১২টি গাড়ি ভাংচুর করেছে। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর উপর থেকে ট্রাক মঞ্চ তৈরি করে সেখান থেকে অবরোধ কর্মসূচি পরিচালনা করা হয়। অবরোধকারীরা সকাল থেকে বুড়িগঙ্গা প্রথম এবং দ্বিতীয় সেতুসহ দক্ষিণাঞ্চলের যাতায়াত ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় কোন যান চলাচল করেনি। সকাল ১১টায় থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহিন আহমদের নেতৃত্বে একটি মিছিল বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু থেকে কদমতলী গোলচক্কর প্রদক্ষিণ করে। এ সময় তারা পাঁচটি গাড়ি ভাংচুর করে। অন্যদিকে থানা যুবলীগ সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে রায়েরকান্দা এলাকায় সকাল সাড়ে ১১টার সময় একটি মিছিল বের হয়। মিছিলকারীরা এসময় সাতটি গাড়ি ভাংচুর করে।

হবিগঞ্জ: শহরে কোন ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এসময় দূরপাল্লার কোন যান ছেড়ে যায়নি। তবে শহরে কিছু কিছু রিকশা ও টেম্পো চলতে দেখা গেছে। দোকানপাট বন্ধ ছিল। অবরোধ চলাকালে পুলিশ টহলের পাশাপাশি সারাদিনই র‌্যাবের গাড়ি টহল দিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সকাল থেকে ১৪ দলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দূরপাল্লার বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে।

সাতক্ষীরা: অবরোধে দ্বিতীয় দিনও রাজধানী ঢাকাসহ দেশের সব জেলার সাথে সাতক্ষীরার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রিকশা-ভ্যান ছাড়া শহরে অন্য কোনো যান চলাচল করেনি। ভোমরা স্থলবন্দরও কার্যত: ছিল অচল। ১৪ দলের জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমানের নেতৃত্বে শহরে মিছিল সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

নরসিংদী: জেলায় বাস, ট্রাক, লঞ্চ, ট্রেনসহ সকল প্রকার যান চলাচল ছিল সম্পূর্ণ বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা ছিল কার্যত: অচল। ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা ও রায়পুরা উপজেলার নারায়নপুরে জনতার মঞ্চ তৈরি করে আন্দোলনের সমর্থনে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান করে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালন করে ১৪ দল নেতাকর্মীরা। এ ছাড়া নরসিংদীর প্রতিটি উপজেলার প্রধান প্রধান পয়েন্টগুলো ছিল অবরোধকারীদের দখলে। ঘোড়াশাল, নরসিংদী, আমিরগঞ্জ, খানাবাড়ি ও মেথিকান্দা রেলওয়ে ষ্টেশন অবরুদ্ধ করে রাখে সকাল থেকেই। ফলে ট্রেন চলাচলও বন্ধ ছিল।