অবরোধের মুখে ঢাকা-মাওয়া মহাসড়ক
ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলীতে রোববার সকাল থেকে ১৪ দলের নেতাকর্মীরা অবরোধ সৃষ্টি করলে মহাসড়কটি অচল হয়ে পড়ে।
পরে একই পয়েন্টে বিএনপি অবরোধ প্রতিরোধের ঘোষণা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক বিডিআর মোতায়েন করা হয়েছে।
এ ছাড়াও মহাসড়কটির মাওয়া পয়েন্টে ও শ্রীনগরের ছনবাড়ি পয়েন্ট, ভবের চর অবরোধ করে রেখেছে ১৪ দলের নেতাকর্মীরা। জেলার অভ্যন্তরীণ পয়েন্টগুলোতে ব্যারিকেড সৃষ্টি করায় সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাগুফতা ইয়াসমিন এমিলি, এম ইদ্রিস আলী, লুৎফর রহমান, মাহাবুবউদ্দিন আহম্মেদ, কাজী ওয়াহিদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সিরাজদিখান উপজেলার নিমতলী পয়েন্টে অবস্থান করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিমতলীর কাছেই বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে।
