নির্বাচন প্রভাবিত করতে বাজারে জাল টাকা, আ-লীগের অভিযোগ
নির্বাচন প্রভাবিত করতে জাল টাকা বাজারে ছাড়া হচ্ছে বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে।
এর উদাহরণ হিসেবে মাদারীপুর-২ আসনের সাবেক আওয়ামী লীগ সাংসদ শাজাহান খান বৃহস্পতিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দলের সভানেত্রী শেখ হাসিনাকে একই নম্বরের দুটি ৫০ টাকার নোট দেখান এবং তাঁর কাছে নোট দুটি হস্তান্তর করেন।
শাজাহান খান ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ আব্দুস শহীদ, দুজনেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শাজাহান খান বলেন, এর উদ্দেশ্য নির্বাচন প্রভাবিত করা। তিনি দাবি করেন, এ ধরনের টাকায় এরই মধ্যে সয়লাব হয়ে গেছে মাদারীপুরসহ সারা দেশ। বিএনপি-জামায়াত জোট কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
সভায় উপস্থিত সকলে তাঁর সঙ্গে একমত প্রকাশ করেন।
