বিদ্যুত খাতে সাবেক সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ
সাবেক সরকারের আমলে বিদ্যুত খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার।
নবগঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলপিডি) কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি শ্বেতপত্র উপস্থাপন করে বলেন, সাবেক সরকার তার পাঁচ বছরের শাসনামলে বিদ্যুত খাত থেকে কমপক্ষে ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে। সীমাহীন দুর্নীতির কারণে বিদ্যুত খাতে যে ধস নেমেছে তা থেকে উত্তরণ পাওয়া সম্ভব নয়।
তালুকদার বলেন, সাবেক সরকার বিদ্যুত খাতে ১৭ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করলেও এক মেগাওয়াট বিদ্যুতও উৎপাদন করতে পারেনি।
আনোয়ারুল কবীর বলেন, বিদ্যুত খাত ছিল বিএনপি সরকারের “চাঁদাবাজির অন্যতম উৎস”।
প্রসঙ্গত গত ৫ নভেম্বর আনোয়ারুল কবীর তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে বলেন, বর্তমান বিদ্যুত সচিব এ এন এইচ আখতার হোসেনের ভাড়াটে গুণ্ডারা উত্তরা, মিরপুর, পল্লবী, সবুজবাগ এবং রাজধানীর অন্যান্য অংশের বিদ্যুত অফিসগুলোতে ভাংচুর চালিয়েছে এবং ২৬ সেপ্টেম্বর জনগণকে প্ররোচিত করেছে ভাংচুর করতে। তিনি বলেন, এটা ছিল সম্পূর্ণ সাজানো নাটক এবং এর মধ্য দিয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে চেয়েছিল তারা।
এই ভাংচুরের পরদিন ২৭ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভাগের দায়িত্ব মৌখিকভাবে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দিয়ে দেন এবং পরদিন তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পদ থেকে ‘ইস্তফা’ দেন।
আ ন হ আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে আনোয়ারুল কবীর তালুকদারের এই অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ ‘সর্বৈব মিথ্যা’ এবং ‘শিশুসুলভ’। “তার মতো একজন সিনিয়র ব্যক্তির কাছে এ ধরনের মন্তব্য সত্যি দু:খজনক।”
নিজের সাবেক মন্ত্রণালয়ের দায় স্বীকার করে নিয়ে আনোয়ারুল কবীর বলেন, বর্তমান বিদ্যুৎ চাহিদা দৈনিক ৫ হাজার ৫শ’ মেগাওয়াট হলেও উৎপাদন ৩ হাজার মেগাওয়াট। তার ভাষায়, “মন্ত্রণালয় প্রকৃত চাহিদার তথ্য প্রকাশ করতো না। একেক স্থানে একেক তথ্য সরবরাহ করতো। এমনকি সংসদীয় স্থায়ী কমিটির সভাগুলোতেও মিথ্যা তথ্য দেওয়া হতো”।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ প্রসঙ্গে আনোয়ারুল কবীর তালুকদার বলেন,“প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ বিভাগের জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মাঝামাঝি একটি অসাংবিধানিক কমিটি গঠন করা হয়। এই কমিটি অসাধারণ ‘বডি’ হিসেবে বিদ্যুৎ বিভাগের কাজে হস্তক্ষেপ করতো এবং এই হস্তক্ষেপের কারণে এই খাতে বিশৃংখলা ও দুর্নীতি বৃদ্ধি পায়”। প্রধানমন্ত্রী ও কামাল উদ্দিন সিদ্দিকী সরাসরি দুর্নীতিতে পৃষ্ঠপোষকতা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে মতামত জানতে রোববার সারাদিন ধরে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আনোয়ারুল কবীর তালুকদার খাতওয়ারি হিসাব দিয়ে বলেন, “গত পাঁচ বছরে রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৭ হাজার ৫০০ টাকা বিদ্যুৎ উৎপাদনের নামে ব্যয় করা হয়েছে। এর মধ্যে আড়াই হাজার কোটি টাকা বেতন-ভাতা ও অন্যান্য কাজে ব্যয় হয়। বাকী ১৫ হাজার কোটি টাকার মধ্যে আট হাজার কোটি টাকা লুন্ঠন করেছে হাওয়া ভবন, মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও আমলারা। তিনি বলেন, এই দুর্নীতির প্রয়োজনীয় কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিয়েছেন”।
বিদ্যুতের নতুন উৎপাদন সম্পর্কে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “বিদায়ী বিএনপি সরকার একটি মাত্র বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে। সেটি হলো ১০৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন টংগী পাওয়ার স্টেশন। কিন্তু এটা এখন পর্যন্ত উৎপাদনে যেতে পারেনি। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে এই প্লান্ট এর বুস্টার কমপ্রেসরের মান আর্ন্তজাতিকভাবে স্বীকৃত মান থেকে নামিয়ে ‘চীনা মানে’ নামিয়ে আনা হয়। ফলে এর আকৃতি ছোট হয় ও ক্ষমতা কমে যায়। কিন্তু দাম বেড়ে যায়। এর জন্য দায়ী মন্ত্রনালয় কর্মকর্তারা, পিডিবির তৎকালীন পরিচালক পরিষদের সদস্যবৃন্দ এবং হাওয়া ভবন”।
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তালুকদার বলেন, “২৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আটটি ক্ষুদ্র পাওয়ার প্লান্ট স্থাপনের যথার্থতা দেখানোর জন্য বেসরকারি খাত থেকে পিডিবির নির্ধারিত দাম প্রতি ইউনিট ১ টাকা ৯০ পয়সার চেয়ে কম দামে বিদ্যুৎ কেনা সম্ভব হয়নি। পিক আওয়ারে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা গেলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতো। এই আটটি ক্ষুদ্র প্লান্ট থেকে কবে বিদ্যুৎ পাওয়া যাবে তা নিশ্চিত নয়। কিন্তু ইতিমধ্যে লেনদেন শেষ হয়ে গেছে। আটটি ক্ষুদ্র প্লান্ট পরিচালনা করতে ১৫ বছরে রাষ্ট্রীয় খাত থেকে আট হাজার কোটি ভতুর্কি দিতে হবে”।
