এই কমিশনের অধীনেই নির্বাচন হবে: এম কে আনোয়ার
বিরোধী দলের প্রবল আপত্তি সত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনার (সিইস) এম এ আজিজের পাশেই থাকছেন বিএনপির নীতিনির্ধারকরা।
বুধবার সিইসির সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে দলের সহ সভাপতি এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, “ সংবিধান অনুযায়ীএই কমিশনের অধীনেই নির্বাচন হতে হবে; কেউ যদি লাঠিপেটা করে সংবিধান ঠিক করতে চান, তবে তা ভিন্ন কথা”।
সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোফাজ্জল করিম ও জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন।
এই কমিশন বহাল থাকলে ১৪ দল নির্বাচন বর্জন করবে এবং ১১ নভেম্বরের পর থকে দেশ অচল করে দেবে বলে এরই মধ্যে হুমকি দিয়েছে। সে ক্ষেত্রে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না-তা জানতে চাওয়া হলে এম কে আনোয়ার বলেন, “সংবিধান সম্মত ভাবেই নির্বাচন হতে হবে। কেউ যদি তা না মেনে নির্বাচনে অংশ না নেয়, তাহলে তো করার কিছু নেই।”
এক প্রশ্নের জবাবে এম কে আনোয়ার জানান, “সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচন প্রস্তুতির বিষয়ে তাদের কথা হয়েছে। কমিশন তাদের বলেছে, এই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি কমিশন নিয়েছে। ভোটর তালিকা ছাপার কাজ হচ্ছে পুরোদমে। এ ছাড়া কমিশন নির্বাচন আয়োজনের জন্য অন্যান্য উপকরণও সংগ্রহ করেছে।”
