জঙ্গিবাদের সঙ্গে হাওয়া ভবনের সম্পৃক্ততার অভিযোগ করলেন আলমগীর কবির
সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেছেন, “জঙ্গিবাদের সাথে রাজশাহী-নাটোর অঞ্চলের মন্ত্রী, উপমন্ত্রী, বাগমারার পার্শ্ববর্তী এলাকার সাংসদ এবং হাওয়া ভবনের সম্পৃক্ততা ছিলো। আর জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করার উদ্দেশ্য ছিলো বাংলাদেশে তালেবান কায়দায় ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করা।”
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র করসপন্ডেন্ট কামরান রেজা চৌধুরীর সাথে একান্ত সাক্ষাতকারে আলমগীর কবির বলেন, “চোর দিয়ে চোর ধরার নীতি” কোন নীতি নয়। তার ভাষায়, উগ্র বামপন্থীদের ঠেকাতে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া ঠিক না।
“তিনি নিজে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক”-এই অভিযোগের জবাবে সাবেক সাংসদ বলেন, “এটা রাবিশ। আমি সারাজীবন প্রগতিশীল রাজনীতি করেছি। আমি জঙ্গিবাদের মত ফ্যাসিবাদী, উগ্র ও ধর্মীয় চিন্তা ধারণ করতে পারি না।”
আলমগীর কবির বলেন, “জঙ্গিবাদ শব্দটি বাংলাদেশে এর আগে ছিল না। জঙ্গিবাদের উত্থান হয় রাজশাহী জেলার বাগমারা অঞ্চল থেকে। এর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন মহলের সম্পৃক্ততা ছিল। যদি সম্পৃক্ততা না-ই থাকে তাহলে জঙ্গিরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করে কিভাবে?”
এর আগে রাজশাহীর একমাত্র মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং নাটোরের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জঙ্গিবাদের মদদদাতা হিসেবে আখ্যায়িত করে বিএনপি থেকে বহিষ্কৃত হন বাগমারার সাবেক সাংসদ আবু হেনা।
এ প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী, উপমন্ত্রীদের নাম নিয়ে প্রশ্নের জবাবে আলমগীর কবির বলেন, “আপনারা তো জানেন তারা কারা? সাংবাদিকতায় যেমন নীতি আছে, রাজনীতিতেও তেমনি কিছু নীতি আছে।”
জঙ্গিবাদের উত্থান কেন হলো ?-এই প্রশ্নের জবাবে আলমগীর কবির বলেন, ওই অঞ্চলে উগ্র বাম আন্দোলনের নামে মানুষ হত্যা করা হচ্ছিল। এই অবস্থায় ওই অঞ্চলের মানুষ মনে মনে একজন ‘রবিনহুড’ (বাংলা ভাই) খুঁজছিলো। কিন্তু এটা কোন নীতি নয়। চোর দিয়ে চোর ধরার নীতি কোন নীতি হতে পারে না।
সদ্যগঠিত রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদানকারী বিএনপির সাংসদদের বাড়িঘরে অগ্নিসংযোগকে জঙ্গি কার্যক্রমের সঙ্গে তুলনা করে আলমগীর কবির বলেন, একইসঙ্গে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, চট্টগ্রাম, খুলনা ও ধামরাইয়ে আমাদের বাড়িঘরে অগ্নি সংযোগ করা হয়েছে। আর এসবই করা হয়েছে হাওয়া ভবনের মাধ্যমে। মূলত হাওয়া ভবন থেকেই জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করা হয়েছে।
