২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় সংঘর্ষ, সাবেক মন্ত্রী মিলনের বিরুদ্ধে গুলি ছোঁড়ার অভিযোগ

বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে কচুয়ায় শনিবার বিকেলে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ভাংচুরকে কেন্দ্র করে সংঘর্ষের সূচনা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সংঘর্ষের সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গুলি চালান বলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন শনিবার বিকেলে কচুয়ার রহিমা নগরে যান। এসময় আওয়ামী লীগ কর্মীরা রহিমা নগরের শেখ মুজিব ডিগ্রি কলেজের ছাত্র সংসদ কার্যালয়ে টানানো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি নামিয়ে ভাংচুর করা শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়াও হয়। এতে আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী ।

ঘটনার পর প্রতিপক্ষ কর্মীরা শহরের সাহারপাড় এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে।

এদিকে সংঘর্ষের শেষ পর্যায়ে সাবেক মন্ত্রী এহছানুল হক মিলন নিজে দুই রাউন্ড গুলি বর্ষণ করেন বলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অভিযোগ করেছেন।

তবে এহছানুল হক মিলনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এটা একেবারে মিথ্যা প্রচারণা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি কর্মীদের উপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে গুলি ছোঁড়ার কোন প্রমাণ মেলেনি।