২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা ফজলুল হকের অপসারণ দাবি করেছে এলডিপি

১৪ দল সম্পর্কে ‘বিতর্কিত’ মন্তব্য করার জন্য উপদেষ্টা ফজলুল হককে অপসারণের দাবি জানিয়েছেন নবগঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

রাজধানীর বারিধারায় দলের প্রেসিডিয়াম কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে তিনি এ দাবি জানান।

যাত্রাবাড়ী ও টঙ্গী থেকে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর এলডিপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক চৌধুরী তাঁর বক্তব্যে নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরীকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, তিনি বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের খুব ঘনিষ্ঠ ছিলেন। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের কোন গুরুত্বপূর্ণ তথ্য তিনি খুব সহজেই বিএনপির কাছে পাচার করে দিতে পারেন।

একই কার্যালয়ে বিকেলে অপর এক অনুষ্ঠানে দলের নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম অবিলম্বে জোট সরকারের দুর্নীতিগ্রস্ত সাবেক মন্ত্রী ও সাংসদদের গ্রেপ্তারের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে অলি বলেন, ‘আপনি বিএনপিপন্থী শত নাগরিক কমিটি এবং জিয়া পরিষদের একজন সদস্য ছিলেন। এখন নিরপেক্ষতার প্রমাণ দিয়ে ইতিহাস সৃষ্টি করুন।’

শুক্রবার এলডিপিতে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছে সাবেক সচিব আব্দুল লতিফ, সাবেক রাষ্ট্রদূত হারুনুর রশীদ ও সাবেক যুগ্মসচিব আব্দুল হক চৌধুরী।