২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের নতুন ডিজি পরিবর্তন, আরও রদবদল

এক দফা রদবদলের ঠিক দুদিনের মাথায় বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার পুলিশ প্রশাসনের শীর্ষ পদে আবারও ব্যাপক রদবদল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 11:45 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

পুলিশ মহাপরিদর্শক আনোয়ারুল ইকবালকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে র‌্যাবের মহাপরিচালক খোদা বখস চৌধুরীকে। আনোয়ারুল ইকবালকে সংস্থাপন মন্ত্রণালয়ে সচিব হিসেবে ওএসডি করা হয়েছে।

র‌্যাবের প্রধান করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার এসএম মিজানুর রহমানকে। তাকে দুই দিন আগে ডিএমপি কমিশনারের পদ থেকে সরিয়ে পুলিশের গোয়েন্দা শাখা এসবিতে বদলি করা হয়েছিল।

এছাড়া বৃহস্পতিবার ডিএমপি কমিশনার হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই পদ থেকে সরানো হয়েছে নাইম আহমেদকে। তাকে পাঠানো হয়েছে এসবিতে। নতুন ডিএমপি কমিশনার হিসেবে আনা হয়েছে অতিরিক্ত মহাপরিদর্শক বজলুর রহমানকে।

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাজেদুল হককে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে অতিরিক্ত মহাপরিদর্শক মঈনুর রহমানকে।

অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুজ্জামানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার, যুগ্ম কমিশনার এসএম কামাল হোসেনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট এবং চট্টগ্রাম এপিবিএন এর কমান্ডেন্ট এসএম মাহফুজুল হক নুরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে অতিরিক্ত মহাপরির্দক বনজ কুমার মজুমদারকে।

এর আগে গত ৩১ অক্টোবর র‌্যাবের মহাপরিচালক আবদুল আজিজ সরকার এবং এসবি প্রধান ফররুখ আহমেদকে তাদের চুক্তিভিত্তিক চাকরি থেকে অপসারণ করা হয়। এছাড়া পুলিশের শীর্ষ ১৬ পদেও ওইদিন রদবদল করা হয়।