সিরাজগঞ্জের কাজীপুর ও তাড়াশে ১৪৪ ধারা জারি
বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে সভা সমাবেশ আহ্বান করায় স্থানীয় উপজেলা প্রশাসন বৃহস্পতিবার জেলার কাজীপুর ও তাড়াশ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাজীপুর উপজেলা বিএনপি বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে সমাবেশ আহ্বান করে। একই সাথে আওয়ামী লীগসহ ১৪ দলও একই সময়ে একই এলাকায় সমাবেশ আহ্বান করে ।
পাশাপাশি তাড়াশ উপজেলা বিএনপি সকাল ১১ টায় তাড়াশ প্রেসক্লাব-কলেজ মাঠ এলাকায় বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। ১৪ দলও একই সময়ে একই স্থানে পাল্টা কর্মসূচি দেওয়ায় স্থানীয় উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা অবনতির আশংকায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সমাবেশ স্থল ও তার আশেপাশে ১৪৪ ধারা জারি করেছে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সংঘর্ষের আশংকায় ও নিরাপত্তার স্বার্থে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
