সোনাগাজীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
সোনাগাজীতে বিএনপির এমপি গ্রুপ ও চেয়ারম্যান গ্রুপের কর্মীদের মধ্যে মঙ্গলবার রাতভর বিচ্ছিন্ন সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলা সদরে সমাবেশ ডাকে বিএনপির চেয়ারম্যান জাকির হোসেন গ্রুপ।
একই সময়ে ওই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন সমর্থিত উপজেলা বিএনপি তথা এমপি গ্রুপ।
এ অবস্থায় উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করলে শুরু হয় উত্তেজনা।
চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে কর্মীরা বাসযোগে সোনাগাজী থেকে যাওয়ার পথে মতিগঞ্জের সাতবাড়িয়া এলাকায় তাদের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
একই সময়ে চরচান্দিয়া এলাকা থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল সোনাগাজী প্রবেশের চেষ্টা করলে ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে এমপি গ্রুপের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
এ দুটি ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে কামাল (২৬), ইলিয়াস (২৫), তরুণ (২৪), শিমুল (২৬) ও সবুজের (২৪) নাম জানা গেছে।
এদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ মঙ্গলবার রাতে বিভিন্ন গ্রামে তল্লাশি চালায়। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
সোনাগাজী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বিভিন্ন মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
