২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামি সপ্তাহেই প্রশাসনে ব্যাপক রদবদল

তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর আগামী নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয় প্রস্তুতি চুড়ান্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টার নির্দেশনা পেলেই আগামী রোববার থেকে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হবে। তবে তার আগে সংস্থাপন মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে। মন্ত্রণালয়ের পুরোনো কর্মকর্তারা মাঠ প্রশাসনে রদবদলের ক্ষেত্রে যাতে কোন প্রভাব ফেলতে না পারে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদায়ী সরকারের সময়ে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক নিয়োগের জন্য উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের একাধিক ‘ফিট লিস্ট’ তৈরি করে রাখা হয়েছে। এক্ষেত্রে দলীয় ও রাজনৈতিক বিবেচনায় অনেক যোগ্য ও মেধাবী কর্মকর্তাই তালিকায় স্থান পাননি। এতে বিক্ষুব্ধ বঞ্চিত ও ওএসডি কর্মকর্তাদের মধ্য থেকে আরো একটি ‘ফিট লিস্ট’ তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে।

এ ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংশ্লিষ্ট সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগের জন্য আরো বেশ কিছু কর্মকর্তার নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

বিদায়ী সরকার ক্ষমতা হস্তান্তরের আগে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) পদে ব্যাপক রদবদল করেছে। ওইসব পদে সরকারের পছন্দের তালিকায় রয়েছে এমন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়। ফলে তাদের দ্বারা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে বিদায়ী সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ আনে তৎকালীন বিরোধী দলগুলোও। তারা এ ব্যাপারে তাদের অভিযোগের বিষয়টি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকেও জানিয়েছেন। রাষ্ট্রপতি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন বলে জানা গেছে।

এর অংশ হিসেবে রাষ্ট্রপতির নির্দেশে ইতোমধ্যে প্রশাসনের বিদায়ী সরকারের লোক হিসেবে বিবেচিত চুক্তিভিত্তিক নিয়োজিত নয়জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছে। আরো তিনজন চুক্তিভিত্তিক নিয়োজিত সচিবের মধ্যে দুজনের চুক্তি বাতিলের প্রক্রিয়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। অন্যজনের বিষয়টিও শীঘ্রই সম্পন্ন হবে বলে জানা গেছে।

সচিব পর্যায়ে ইতোমধ্যে ১৮ জনের পদে রদবদল করা হয়েছে। আরো ২২ জন সচিবের বদলীর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ফাইল রাষ্ট্রপতির দপ্তরে রয়েছে।

জনপ্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনেও রদবদল শুরু হয়েছে। ইতোমধ্যে চুক্তিভিত্তিক নিয়োজিত দুই অতিরিক্ত আইজিপির চুক্তি বাতিল করা হয়েছে। একজন অতিরিক্ত আইজিপিকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি এবং র‌্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ ১৭ জন কর্মকর্তার দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। দু’একদিনের মধ্যেই পুলিশের বিভিন্ন পর্যায়ে আরো ব্যাপক রদবদল করা হবে।

এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কর্মরত বিদায়ী সরকারের সময়ে নিয়োজিত কর্মকর্তাদেরও বদলীর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এসব কর্মকর্তাকে বদলী করা হবে বলে জানা গেছে।

প্রশাসনে ব্যাপক রদবদলের উদ্যোগের কথা স্বীকার করেছেন সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করা হবে। তার আগে সংস্থাপন মন্ত্রণালয়কেই ঢেলে সাজানো হবে।

ডিসি ফিট লিস্ট প্রসঙ্গে তিনি বলেন, পূরোনো তালিকা এবং বিভিন্ন কারণে ওএসডি ও বঞ্চিত কর্মকর্তাদের বিষয়টিও এতে বিবেচনা করা হবে। রাজনৈতিক কারণে ওএসডি কর্মকর্তাদের মধ্যে থেকে ইতোমধ্যে পদায়ন শুরু হয়েছে। যাচাই বাছাই করে আরো অধিক সংখ্যক কর্মকর্তাকে পদায়ন করা হবে।

স্বরাষ্ট্র সচিব একটি রাজনৈতিক দলের ক্যাডার বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ধরনের কোন প্রমাণ পাওয়া গেলে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন।