২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলী আতংকে পুলিশ বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ বিভাগ অস্বাভাবিকভাবে ঝিমিয়ে পড়েছে। বদলী আতংক, পদোন্নতি, তদবির এসব বিষয় পুলিশ কর্মকর্তাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠায় দপ্তরটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা ও থানা পর্যায়ের সূত্রগুলো বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণকে ঘিরে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল চলছে। রদবদলের বিভিন্ন ঘটনায় পুলিশ বিভাগে একদিকে যেমন বদলী আতংক বিরাজ করছে, অপরদিকে কেউ কেউ ব্যস্ত বিশেষ বিবেচনায় কাঙ্খিত এলাকায় যাওয়ার প্রতিযোগিতায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা বিভাগের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বুধবার বিকেল ৪ টা পর্যন্ত নগরীর ৩১ টি থানার কোথাও কোন মামলা হয়নি।

দায়িত্বরত এএসআই আব্দুর রহমানের ভাষায়, ‘গত এক বছরের মধ্যে আজকের দিনটা ভাল, সকাল থেকে ৩১ টি থানাতেই একাধিকবার খবর নেয়া হয়েছে। কিন্তু সারাদিনে কোন থানায় কোন মামলা হয়নি।’

সূত্র জানায়, উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ওসি পর্যায়ের কর্মকর্তারা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি নবনিযুক্ত ডিএমপি কমিশনার নাঈম আহম্মেদের দায়িত্ব গ্রহণের জন্য। তবে কার ভাগ্যে কি আছে তা জানার জন্য বুধবার বিকেলে সকল ডিসি, এসি ও ওসিসহ গুরুত্বপূর্ণ পদে আসীন কর্মকর্তারা ভিড় জমান বিদায়ী কমিশনার ও সিআইডির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজি এএম মিজানুর রহমানের কাছে।

পুলিশ সূত্রমতে, বৃহস্পতিবার সকালে নতুন কমিশনার নাঈম আহম্মেদ ঢাকায় এলে বিদায়ী কমিশনার দায়িত্ব হস্তান্তর করবেন।

বৃহস্পতিবার ওসি ও তার উপরের পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রদবদল হবে বলেও পুলিশের কর্মকর্তাদের অনেকে অনুমান করছেন।

বিদায়ী কমিশনারের সাথে বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সাথে আলাপকালে একাধিক ডিসি ও ওসি জানান যে, তারা অনেকটা অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন ডিসি বলেন, ‘আমি জানি না আর কতক্ষণ এখানে আছি। কোথায় না কোথায় পাঠায় কে জানে। তারপরও কি আর করা, শুধু আদেশের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।’

টেলিফোনে আলাপকালে সম্প্রতি নিযুক্ত দেশের উত্তরাঞ্চলের একটি জেলার এসপি এবং ঢাকার একজন সাবেক ডিসি বলেন, ‘ঢাকা থেকে বাইরে পাঠালেও কোন আতঙ্ক নেই। মোটামুটি একটা নিরাপদ এলাকায় আছি।’

ইতিমধ্যে দুজন ডিসিকে ঢাকার বাইরে পাঠানো হয়েছে, আর পদোন্নতি দিয়ে বিভিন্ন এলাকা থেকে ঢাকায় নিযুক্ত করা হয়েছে প্রায় আটজন ডিসিকে।