ডিএমপির সন্ত্রাসবিরোধী অভিযান শুরু, আটক ১০০০
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রোববার মধ্যরাত থেকে “সন্ত্রাস বিরোধী ও প্রতিরোধমূলক” অভিযান শুরু করেছে। সোমবার বিকেল পর্যন্ত এই অভিযানে সন্দেহমূলকভাবে আটক করা হয়েছে ১০০০ জনেরও বেশি লোককে।
অভিযানকালে রোববার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় ৪৯৬ জনকে। এদের মধ্যে ১৯৬ জনই আটক হয়েছে ডিএমপি’র তেজগাঁও এলাকা থেকে।
ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চিহিৃত ও সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারের জন্য এই অভিযান শুরু হয়েছে।
তিনি অবশ্য একথাও বলেন যে এটা গণগ্রেফতার অভিযান নয়।
তিনি বলেন, আটকদের মধ্যে অনেককেই জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে একাধিক সূত্র জানায়, অভিযানকালে পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসায় গভীর রাতে হানা দিয়ে কমপক্ষে ৬০০ সদস্যকে আটক করেছে।
আওয়ামী লীগ সূত্র জানায়, পুলিশ মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর নেত্রী ও সাবেক ওয়ার্ড কমিশনার আসমা জেরিন ঝুমুর মগবাজারের বাসায় রোববার ভোরে হানা দিয়ে তার দুই ভাই মোক্তার সিকদার ও আনোয়ার সিকদার এবং তার ভাতিজা জাহিদুল হককে গ্রেফতার করে।
এদিকে র্যাবও বিভিন্ন এলাকায় সন্দেহভাজনদের গ্রেফতার করে। নগরীরর রাস্তার পাশে চা খাওয়ার সময় গ্রেফতার করা হয় অনেক তরুণকে। র্যাব অবশ্য গ্রেফতারের সংখ্যা জানায়নি।
ধানমন্ডি ২৭ নম্বর রোডের একটি চা দোকানের মালিক জানান, সোমবার বিকেলে তার দোকানে চা খাওয়ার সময় র্যাব সদস্যরা কয়েক তরুণকে ধরে নিয়ে গেছে।
তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে গত তিন দিনে নগরীতে রাজনৈতিক সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। যদিও রাজধানীতে সহিংসতা ও সন্ত্রাস মোকাবেলায় বিডিআর এবং র্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়।
