রাষ্ট্রপতিকে ‘গ্রহণযোগ্যতা’র প্রমান দিতে হবে
তত্ত্বাবধায়ক প্রধান পদে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়াকে সংবিধান পরিপন্থী হিসেবে মনে করলেও তাকে কিছুদিন সময় দিলেন শেখ হাসিনা। একই সঙ্গে কে এম হাসানের সরে দাঁড়ানাকে জনগণের বিজয় হিসেবে বর্ণনা করলেন হাসিনা।
রোববার রাত পৌণে দশটায় নিজ বাড়িতে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘সবার কাছে গ্রহণযোগ্য’ হতে হলে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে। এসময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে রাষ্ট্রপতির কার্যক্রম পর্যবেক্ষণ করতে চায় আওয়ামী লীগ।
রাষ্ট্রপতিকে মেনে নিলেন কি-না এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘মানা বা না মানার বিষয় এটা নয়, তার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন আছে। তবে সংবিধান মেনে কার্যক্রম চালালে তাকে স্বাগত জানাতে পারতাম। আমরা তাকে স্বাগত জানাতে পারছি না’।
আন্দোলন কর্মসূচি সম্পর্কে হাসিনা জানালেন, সংস্কার প্রস্তাব না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সংস্কারের দাবি এখন কার্যকর করতে হবে। নির্বাচন কমিশনে সংস্কার করে আজিজ, জাকারিয়া সহ অন্যান্য নির্বাচন কমিশনারকে সরাতে হবে। সারাদেশ তিনশ’ বিএনপি-জামাতের ক্যাডারদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সরাতে হবে। স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা এসব দাবি মেনে নিতে হবে।
সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো দলের সেবা করে কোনো লাভ হবে না। নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।
উপস্থিত শ’খানেক সাংবাদিক আর শত শত নেতা-কর্মীর সামনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে হাসিনা বলেন, মানুষের মনে এখন একটা স্বস্তি যে বিএনপির শাসন শেষ। প্রত্যেক এলাকায় অত্যাচার নিপীড়ন-লুটপাট করে যারা বিদেশে টাাকা পাঠিয়েছে তাদের বিরুদ্ধে জনগণকে ব্যবস্থা নিতে হবে, রুখে দাঁড়াতে হবে’।
রাষ্ট্রপতির ক্ষমতা নেওয়া প্রসঙ্গে হাসিনা বলেন, ‘এটা একটা বিরাট প্রশ্ন কেন তিনি সংবিধানের ৫৮ (গ) অনুচ্ছেদের এর ৩, ৪ ও ৫ বিধি কার্যকর না করে কেন ৬ নম্বরে গেলেন। আমাদের মতামত জানতে তিনি ডেকেছিলেন, আমরা লিখিতভাবে মত দিয়ে আসলাম তারপরও তিনি এটা করলেন। সবার অনুরোধ না শুনে এটা করে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন’।
রাষ্ট্রপতির কাজটি ‘সম্মানজনক নয়’ মন্তব্য করে হাসিনা বলেন, ‘অবশ্য তাকে আমরা আজকেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে বলেছিলাম। জনগণ এ জোট সরকারের দুঃশাসনের আর এক মুহূর্ত দেখতে চায়নি’।
