২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তক্ষয়ী সংঘর্ষে আক্রান্ত জনপদে নিহত ৫

বাগেরহাট, নরসিংদী, কুষ্টিয়া ও কুড়িগ্রামে শনিবার আওয়ামী লীগ--বিএনপি সংঘর্ষে পাঁচজন নিহত ও সারাদেশে সহস্রাধিক আহত হয়েছে। সংঘর্ষ, ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনায় মূলত পুরো দেশই আজ রণক্ষেত্রে পরিণত হয়। এতে সারাদেশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট বন্ধ ছিল। উভয়পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা একে--অপরের অফিস, বাসভবন ও প্রচুর সংখ্যক যানবাহন ভাংচুর করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বাগেরহাট: বাগেরহাটে শনিবার রাতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আসাদুর রহমান (৪২) নামে এক বিএনপি সমর্থক নিহত হয়েছে। নিহত আসাদ বাগেরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। ঐ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। আহতদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। দোকান পাট বন্ধ হয়ে গেছে।

শনিবার সন্ধ্যার কিছু আগে ১৪ দলের মিছিল থেকে জেলা বিএনপি সভাপতি এমএএইচ সেলিম এমপির প্রতিষ্ঠান বেলায়েত হোসেন ফাউণ্ডেশনসহ বিএনপির তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আরো কয়েকটি কার্যালয় ভাংচুরের এক ঘন্টার মধ্যে বিএনপি সমর্থক এক দল সশস্ত্র ব্যাক্তি রেলরোড এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করতে গেলে উভয় পক্ষে এই সংঘর্ষ ঘটে। ঘটঁনার এক পর্যায়ে লাইট হলের সামনের রাস্তায় আসাদকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাকে হাসপাতালে প্রেরণ করলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া: জেলার মীরপুরে শনিবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে বশির (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

একই স্থানে কর্মসূচি পালন নিয়ে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২০ নেতা--কর্মী গুলিবিদ্ধ হন। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মীরপুরের ঈগল চত্বরে বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির সভা শুরু হয়। কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সাংসদ শহীদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ নেতা--কর্মীরা বিকেল ৫টার দিকে লগি, বৈঠা ও লাঠি নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলসহ ঈগল চত্বরের দিকে এগিয়ে আসে। এ সময় পাশের বিএনপি কার্যালয়ের দিক থেকে আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে এক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে এক মিছিলকারী গুলিবিদ্ধ হন।

এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থকরা ঈগল চত্বর মাঠ দখল করে নেয়। তারা মীরপুর বাজারে বিএনপির একটি ডিজিটাল পোস্টার ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করে।

সংঘর্ষের সময় বিএনপি নেতারা দলীয় কার্যালয়ের ভেতরে আশ্রয় নিলে আওয়ামী লীগ কর্মীরা কার্যালয়ের সামনে রাখা দুটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। সেখানে তাদের প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ ও বিডিআর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ঘটনার পর সন্ধ্যায় বিএনপি সমর্থকরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহেদের বাড়িতে অগ্নিসংযোগ করে।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থকরা মশালে স্থানীয় বিএনপি দলীয় সাংসদ শহীদুল ইসলামের মালিকানাধীন দিশা কমিউনিটি হাসপাতালে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমত আলী রাব্বানের মালিকানাধীন জয়মন ফার্মেসিতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়।

পরে বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন নেভাতে এসে ফায়ার ব্রিগেডের দুটি গাড়িও ভাংচুরের শিকার হয়।

ভেড়ামারায় বিএনপি দলীয় সাংসদ শহীদুল ইসলামের ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর চেয়ারম্যান তৌহিদুল আলম মালিথার শহরের বাসভবনে ব্যাপক ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

নরসিংদী: হাজীপুরে শনিবার দুপুরে আওয়ামী লীগ নেতা ইউসুফ খাঁন পিন্টুর সমর্থকরা হাজীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ইউপি চেয়ারম্যান এবং তার ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। এসময় গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও চার ব্যক্তি।

নিহতরা হলেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (৩৫) ও তাঁর ছোট ভাই রিপন (৩০)। এছাড়া আহতরা হলেন চেয়ারম্যানের বড় ভাই মাহালম মেম্বার (৪৫), এলেম মিয়া (৩৩), শামীম (৩০) ও হান্নান (৩৫)।

এ ছাড়া সারাদিনের বিচ্ছিন্ন সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। বিভিন্ন স্থানে বিএনপি কার্যালয়সহ প্রায় ৩৫টি দোকানে হামলাসহ ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

সকালে ১৪ দলের নেতা--কর্মীরা ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর করে ও সহকারি ষ্টেশন মাস্টারের কাঠের প্যানেল পুড়িয়ে দেয়। রেল লাইনের স্লিপার তুলে ফেলায় ঢাকা--চট্টগ্রাম রেলপথে সকাল ১০টা থেকে রেল চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এলে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তাঁর গাড়ী আটকে রাখে। এসময় পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষুব্ধদের ছোঁড়া ইট--পাটকেলে বারেক নামে এক পুলিশ আহত হয়।

কুড়িগ্রাম: আওয়ামী লীগের সাথে বিএনপি--জামাত নেতা--কর্মীদের সংঘর্ষে আহত একজন বিকেলে মারা গেছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে রফিকুল ইসলাম (২৫) নামে ওই ব্যক্তি মারা যান।  

তিনি সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন বলে দাবি করেছেন জেলা জামাতের আমীর আজিজুর রহমান।   

বিকেল ৪টার দিকে জেলা যুবলীগ বৈঠা মিছিল বের করলে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পুলিশ তাদের বাধা দেয়।

মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও ৩০ রাউন্ড টিয়ার শেল ছোঁড়ে। এতে ১০ যুবলীগের নেতা--কর্মী আহত হন।

এদের মধ্যে জেলা যুবলীগের সভাপতি আমান উদ্দিন মঞ্জু গুরুতর আহত হন। এ ছাড়া আওয়ামী লীগসহ ১৪ দলের সাথে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে ২ ঘন্টাব্যাপী ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে কুড়িগ্রাম শহরে কমপক্ষে ৪০ জন এবং আগেশ্বরী উপজেলা সদরে ১০ জন আহত হয়।

সংঘর্ষ থামাতে পুলিশ ১২ রাউন্ড টিয়ার সেল এবং ৮ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। আহতদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা ও জামায়াতের ২ কর্মীর অবস্থা আশংকাজনক। বিক্ষুদ্ধ ১৪ দল কর্মীরা জেলা বিএনপির কার্যালয়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮টি কার্যালয় ভাংচুর এবং জেলা যুবদলের কার্যালয় পুড়িয়ে দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিডিআর মোতায়েন করা হয়েছে।

বরিশাল: নগরীর সদর রোডে আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বরিশাল সিটি কর্পোরেশন, কাকুলী সিনেমা হল, মহানগর জামায়াত অফিসসহ ওয়ার্ড বিএনপির কয়েকটি কার্যালয়ে এবং বরিশাল জেলা ও মহানগর বিএনপি ও ছাত্রদলের অশ্বি^নী কুমার টাউন হলের কার্যালয় হামলা সহ ভাংচুর এবং লুটপাট করে।

এসময় দু-পুলিশসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

১৪ দলের নেতাকর্মীরা ভোরে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস সহ দূরপাল্লার রুটের গাড়ী চলাচল বন্ধ করে দেয়। পাশাপাশি বাকেরগঞ্জে বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের কর্মীরা সকাল থেকে অবস্থান নিয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ এবং গৌরনদী ও বরিশার নগরীর গন্ডিয়ার পাড়ের সড়কে গাছ ফেলে প্রতিরোধ সৃষ্টি করে। শুক্রবার গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর উন্নয়ন ফলকসহ ছবি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুপুর সাড়ে ১২টার দিকে যুবদল নেতা সৈয়দ আকবরের স্বরোডস্থ নিজস্ব কার্যালয়ে অগ্নিসংযোগ করলে পুরো এলাকায় ভীতির সঞ্চার হয়।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠী প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু গ্র“পের সাথে স্থানীয় বিএনপির সাংসদ ইসরাত জাহান ইলেন ভুট্টোর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ভোলা: জেলার বাস টার্মিনাল এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে শনিবার সকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাংলাবাজার ও দৌলতখান উপজেলায় উভয় দলের কর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। গুরুতর আহত ৪ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী: গলাচিপায় সকাল ১০টা থেকে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের ৫০ জন নেতা কর্মীসহ কমপক্ষে ৬০ জন আহত হয়।

বিএনপির নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রশিবিরের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের পুরান থানা, গৌরাঙ্গ বাজার ও স্টেশন রোড এলাকায় সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি নেতা--কর্মী--সমর্থকদের মধ্যে থেমে থেমে দু’ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. পারভেজ আলম, রুহুল আমিন খাঁন, রিপন, জেলা ছাত্রলীগ নেতা পল্লব কর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ, জেলা ছাত্রলীগ নেতা শাহানশাহ, অমি, পঙ্কজ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, সালাহউদ্দিন মো. মাহফুজ, সোহেল, জুয়েল, ফালান, নূরুল হক খোকন ও যুবদল নেতা দুদুসহ আওয়ামী লীগ বিএনপির ৫০ নেতা-কর্মী গুরুতর আহত হয়।

এ ছাড়া নিক্ষিপ্ত ঢিলের আঘাতে দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি শেখ মাসুদ ইকবাল গুরুতর আহত হয়। এ ছাড়া হোসেনপুর উপজেলায় বিক্ষুদ্ধ আওয়ামী লীগ কর্মীরা মনোনয়ন প্রত্যাশী বিএনপির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় যুবদল নেতা মির্জা খোকনের নির্বাচনী অফিসসহ বিভিন্ন স্থানে চারটি বিএনপি অফিস ভাংচুর করেছে।

জামাতে ইসলামীর অফিসসহ বিএনপি’র সাবেক উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাসভবনও  ভাংচুর করা হয়।

বিকেলে বাজিতপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীরা সাংসদ মজিবুর রহমান মঞ্জুসহ বিএনপির কয়েকজন মনোনয়ন প্রত্যাশী নেতার ডিজিটাল ব্যানার ভাংচুর করে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

এক পর্যায়ে তারা উপজেলা বিএনপি অফিসের সাইনবোর্ড গুঁড়িয়ে দিলে স্থানীয় সাংসদ মঞ্জুর সমর্থিত লোকজনের সাথে আ. লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খোকনসহ তিনজন আহত হয়। পরে বিক্ষুদ্ধ আওয়ামী লীগ কর্মীরা সাংসদ মঞ্জুর সহযোগি মোশাররক হোসেনের ভাই মুরাদের দোকানসহ ৮/১০টি দোকান ভাংচুর করে।

চুয়াডাঙ্গা: দুপুরে ছাত্রলীগের কর্মীরা জেলা ছাত্রদল অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

গাইবান্ধা: সকাল ১১টা থেকে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ১৪ দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা র‌্যাব ও পুলিশের বাধা উপেক্ষা করে ভাংচুর শুরু করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ডিবির এ এস আই রাজ্জাক(৩৫), কনস্টেবল ইসহাক(৪০) ও কনস্টেবল সুফিয়ান (২৪) মারাত্মক আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

ময়মনসিংহ: সকাল সোয়া ১১টায় বিক্ষুব্ধ ১৪ দলের নেতাকর্মীরা শহরের মালগুদাম এলাকায় অবস্থিত জাতীয়তাবাদী শ্রমিকদলের জেলা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। গফরগাঁওয়ের কাউরাইদ রেল স্টেশনে সকাল সাড়ে ১১টায় আন্তনগর যমুনা ট্রেন আটকে দেয় ১৪ দলের নেতাকর্মীরা।

যশোর: ঝিকরগাছা সড়ক, মণিরামপুর পৌর এলাকা, চৌগাছার তেরাস্তা মোড়সহ শহরের বিভিন্ন এলাকার রাস্তায় টায়ার জ্বালিয়ে দখল করে নেয় আওয়ামী লীগের কর্মীরা। বিক্ষুব্ধ ১৪ দলের নেতাকর্মীরা ঝিকরগাছা জামায়াত অফিস, ঝিকরগাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোর্তজা এলাহী টিপুর অফিস, সাংগঠনিক সম্পাদক আজিম রুমির বাসভবনে হামলাসহ ব্যাপক ভাংচুর করা হয়। দৈনিক সংগ্রামের ঝিকরগাছা প্রতিনিধি আলমগীর হোসেনকে লাঠিপেটা করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। একই সময় ইনকিলাব প্রতিনিধি তরিকুল ইসলামের দোকানও তারা ভাংচুর করে। বেলা ১২টার দিকে ৫টি বাসের গ্লাস ভাঙচুর হয়েছে। তবে কোথাও বিএনপির কোন নেতা কর্মীদের দেখা যাচ্ছে না।  

গাজীপুর: কাপাসিয়ার সাফাই শ্রী এলাকায় শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের মিছিলে বিএনপি ক্যাডারদের গুলিতে ছয় নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে কাপাসিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কিশোর মাহমুদ (২২) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ূম দর্জির (২৫) অবস্থা আশংকাজনক।

অন্য গুলিবিদ্ধরা হলেন ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম নুরু (২৫), জুয়েল (২৬), আল আমিন (২২), সোহাগ (২৩)।  মান্নান (৩৫) ও বাদল (৩২) নামে আরও দুই আ. লীগ নেতা আহত হয়েছে বলে জানা গেছে।

পরে আ. লীগ নেতাকর্মীরা হান্নান শাহর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গাজীপুর থেকে বিপুল সংখ্যক পুলিশ কাপাসিয়ায় আনা হয়।

হান্নান শাহ নিজ হাতে গুলি ছুঁড়েছেন বলে কাপাসিয়া থানা আ. লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন অভিযোগ করেন। তিনি আরও বলেন, ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে আ. লীগ রোববার সকালে কাপাসিয়া থানা ঘেরাও কর্মসূচি পালন করবে।

এদিকে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন দু’পক্ষের মধ্যে হাঙ্গামার কথা স্বীকার করলেও গুলি বর্ষণের সত্যতা সম্পর্কে নিশ্চিত নন বলে মন্তব্য করেন।

কুমিল্লা: সকাল থেকে কুমিল্লার সকল দোকানপাট ছিল বন্ধ। তিনটি বাস টার্মিনালও ছিল শূণ্য। বিএনপির বিভিন্ন স্থাপনা, কর্ণেল আকবর হোসেনের স্ট্যাচু, জামায়াত নেতা তাহেরের শপিং মল কুমিল্লা টাওয়ার, পৌর চেয়ারম্যানের সকল বিলবোর্ড ও নিয়নসাইনের স্থাপনা হামলাকারীরা ভেঙ্গে ফেলে। 

মুরাদনগরে কায়কোবাদ ও ইউসুফ আবদুল্লাহ হারুনের সমর্থকদের মাঝে পাল্টা হামলায় গুলিবর্ষণে নয়জন আহত হয়।

টাঙ্গাইল: আওয়ামী লীগসহ ১৪ দল লগি-বৈঠা নিয়ে বঙ্গবন্ধু যমুনা সেতু- টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করায় উত্তরাঞ্চলের সাথে রাজধানীর সকল যোগাযোগ শনিবার সকাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বিএনপি কার্যালয় ভাংচুর করা হলে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। মির্জাপুর স্টেশনে অবরোধ করায় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল সাড়ে ১১টা থেকে আটকা পড়ে।

মুন্সীগঞ্জ: ঢাকা--মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জে ১৪ দল কর্মীরা কমপক্ষে ২০টি পয়েন্টে ব্যারিকেড দেওয়ায় শনিবার সকাল থেকে ঢাকার সাথে এ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি পুলিশের সাথে ১৪ দলের কর্মীদের সংঘর্ষের ফলে দুই পুলিশ আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন লৌহজং থানার ওসি মেজবাহ্ উদ্দিন ও কনস্টেবল হাফিজুর রহমান।

মাওয়া ফেরি ঘাটসহ এর আশেপাশের এলাকা সম্পূর্ণ অচল করে দেওয়ায় ফেরি পার হয়ে আসা গাড়িগুলো মাওয়া ঘাটে আটকা পড়ে। ঢাকা-মাওয়া মহাসড়কটি সম্পূর্ণ অচল থাকায় আটকা পড়া যাত্রীদের পায়ে হেঁটে এগোতে হয়। পৌনে ১২টার দিকে মাওয়া চৌরাস্তায় বিএনপির অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা। এষনও আগুন জ্বলছে।

এছাড়া বিভিন্ন চ্যানেলের ক্যাসেট বহনকারী সংবাদপত্র লেখা সাদা রংয়ের ট্যাক্সী কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এসে পৌঁছালে গাড়ির উপর বিএনপির নেতা-কর্মীরা অর্তকিত হামলা চালায়। এসময় ক্যাসেট বহনকারী যুবক বাদশাকে মারধর করে ক্যসেটসহ গাড়ী জ্বালিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ এসে তাকে উদ্ধ্ার করে।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে।

চাঁদপুর : শহরের শপথ চত্বরে ১৪ দলের নেতাকর্মীদের এক প্রতিবাদ সমাবেশ চলাকালে সমাবেশের অদুরে গুয়াখোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সকাল থেকে সড়ক ও রেলপথে ১৪ দলের নেতা কর্মীরা অবস্থ্ান নেয়ায় চাঁদপুরের সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ছাড়া শুক্রবার কচুয়া উপজেলার কাঁদলা ও হাজীগঞ্জে বিএনপি ও ১৪ দলের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

নোয়াখালী: সকাল ১১টা থেকে হাতিয়া উপজেলার খবির মিয়ার বাজারে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। চাটখিলে আওয়ামীলীগ কর্মীরা বিএনপির নেতাদের নামে দেয়া বেশ কয়েকটি তোরণ ও একটি কার্য়ালয়ে আগুনে পুড়িয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ রেল স্টেশনে শনিবার সকাল ১১টায় ১৪ দলের নেতাকর্মীরা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে আহত হয় ২৫ জন যাত্রী ।

বিক্ষুব্ধরা আশুগঞ্জ রেল ষ্টেশনের সিগন্যাল উপড়ে ফেলে। এতে ঢাকার সাথে পূর্বাঞ্চল রেল পথের যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শহরের পরিস্থ্িিত নিয়ন্ত্রণে রাখতে দুজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন প¬াটুন বিডিআর ও পাঁচ প্ল¬াটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহ: ভালুকায় দুপুর ২টায় বিক্ষুব্ধ ১৪ দলের নেতা কর্মীরা মিছিলসহ যাওয়ার পথে জামায়াতের উপজেলা কার্যালয়, মিরু নদীর উপর নির্মিত ব্রীজের টোল আদায়কারী প্রতিষ্ঠানসহ ৫০টি দোকানপাট ভাংচুর করে। শহর জুড়ে টান টান উত্তেজনা রয়েছে। পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

মাদারীপুর: সদর উপজেলার মস্তফাপুরের ২টি পয়েন্টে, কালকিনির ১টি পয়েন্টে, রাজৈর-টেকেরহাট ২টি পয়েন্টে, শিবচর উপজেলার পাঁচ্চর ও কাওড়াকান্দি পয়েন্টে ব্যরিকেড দিয়ে সকাল থেকেই অবরোধ সৃষ্টি করা হয়। বিচ্ছিন্ন ঘটনায় আহত হয় ২০ জন।

সৈয়দপুর: উপজেলার গ্রামে গ্রামে উভয় দলের মধ্যে চোরাগুপ্তা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। কামারপুর ইউনিয়নে ১৪ দলের হামলায় আহত ছয় বিএনপি কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা: মহানগরীর ডাকবাংলা মোড়ে ও ফুলবাড়ী গেটে উভয় দলের মধ্যেকার সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবলসহ ৩০ জন আহত হয়েছে। সন্ধ্যায় পিকচার প্যালেস মোড়ে বিএনপির দুই গ্র“প নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া কালে ১৪ দল তাদের উপর ইট--পাটকেল নিক্ষেপ করলে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এতে ২০ জন আহত হয়।

এদিকে ফুলবাড়ির গেটে উভয় দলের সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ ১০ জন আহত হয়।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দুপুর আড়াইটার দিকে বাসস্ট্যান্ড এলাকায় মিছিলকারীরা একটি যাত্রীবাহী মিনিবাস ভাংচুর করে। এদিকে পীরগঞ্জ উপজেলায় দুপুর ১২টার দিকে পিকেটাররা একটি মিনিবাস, ট্রাক ও মাইক্রোবাস ভাংচুর করে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পাবনা: অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে শনিবার পাবনায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে পাবনা পৌর চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টু ও ১০ পুলিশসহ শতাধিক লোক আহত হন। ভাংচুর করা হয় ১০/১৫ টি দোকানও ।

এছাড়া ১৪ দলের নেতাকর্মীরা ঈশ্বরদীতে রেলপথ অবরোধ করে। সেই সঙ্গে ট্রেন লাইন উপরে ফেলায় সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য শহরে ১৪৪ ধারা জারি করা হয়। তাই জামায়াত শহরের বাইরে চাপা মসজিদের কাছে সমাবেশ করে।