রাষ্ট্রপতির দেখা পেলেন না কেউ
বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা না করা নিয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে শুক্রবার সকাল থেকে অনেকেই আলোচনা করতে গিয়েছিলেন। কিন্তু বঙ্গভবন গেটে গিয়েও অনুমতি না পাওয়ায় তাঁদের ফিরে আসতে হয়েছে। তবে তাঁরা সবাই যার যার স্মারকলিপি রেখে এসেছেন ফটকের নিরাপত্তা রক্ষীদের কাছে।
জানা গেছে, সম্মিলিত নাগরিক আন্দোলনের নেতা কাজী ফারুক আহমেদ, ইকবাল সোবহান চৌধুরী, গোলাম কুদ্দুছ, আব্দুল আহাদ চৌধুরী ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে বেশ কয়েকজন দুপুর ১২টা ৩৫ মিনিটে বঙ্গভবনে যান। তিন দফায় পুলিশের বাধার শিকার হয়ে ১২টা ৪০ মিনিটে তাঁরা প্রধান ফটকে পৌঁছালেও ভেতরে যেতে দেয়া হয়নি।
পরে তারা বঙ্গভবনের পুলিশ কর্মকর্তা চাঁন মাহমুদের কাছে একটি স্মারকলিপি রেখে আসেন।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘রাষ্ট্রপতির কার্যালয় থেকে আমাদের সাক্ষাতের অনুমতি দেয়া না হয়নি। তাই আমরা তাঁর সাথে দেখা করে আমাদের কথাগুলো জানাতে পারিনি। আমরা আশা করি, রাষ্ট্রপতি আমাদের স্মারকলিপিটি পড়বেন এবং এ অনুযায়ী ব্যবস্থা নিয়ে দেশকে সংঘাত থেকে রক্ষা করবেন।’
এর আগে কাজী ফারুক সাংবাদিকদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কেএম হাসানকে নিয়োগ করা হলে দেশে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে, এ বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য বারবার চেষ্টা করেছি। কিন্তু তার দপ্তর থেকে অনুমতি পাওয়া যায়নি। তাই আমরা সরাসরি চলে এসেছি। বর্তমান অবস্থায় তিনিই (রাষ্ট্রপতি) পারেন সংঘাতময় পরিস্থিতি এড়াতে।’
এরপর সম্মিলিত নাগরিক আন্দোলন ও পেশাজীবী সমন্বয় পরিষদ নেতারা ধানমণ্ডি ৫ নম্বর রোডে বিচারপতি কে এম হাসানের বাসার সামনে স্মারকলিপি দিতে যান।
এদিকে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে একদল চিকিৎসক রাষ্ট্রপতি সঙ্গে দেখা করে বিচারপতি কে এম হাসানের পক্ষে একটি স্মারকলিপি দিতে যান। তাঁরাও দেখা করার অনুমতি না পেয়ে স্মারকলিপিটি ফটকে রেখে আসেন।
এ ছাড়া নারী সংগাম পরিষদ ও গণ অধিকার পরিষদ বিচারপতি হাসানকে প্রত্যাখ্যান করে স্মারকলিপি দিতে গেলে বাধা পেয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে।
