মান্নান ভূঁইয়ার ‘নতুন প্রস্তাব’ নিয়ে আলোচনা শেষ
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সিনিয়র নেতারা আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সিদ্ধেশ্বরীর বাসায় উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমীরুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও পঙ্কজ ভট্টাচার্য।
বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কামাল হোসেনের বাসা থেকে বেরিয়ে এসে আব্দুল জলিল অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘সময় হলেই সবকিছু জানানো হবে’।
মান্নান ভূঁইয়ার প্রস্তাবটি নিয়ে প্রথমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় আলোচনা হয়। পরে দুপুর ৩ টায় ১৪ দলের নেতারা ধানমণ্ডি কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনার পর ড. কামাল হোসেনের বাসায় ছুটে যান।
এর আগে সকালে বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সংসদ ভবনে তাদের ষষ্ঠ দফা সংলাপে বসেন। প্রায় ৩০ মিনিট তাদের মধ্যে আলোচনা হলেও সাংবাদিকদের বলার মতো কিছুই ছিল না।
