২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে পুরো বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে

বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করে পুরো বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু নির্বাচন কমিশনকে প্রকৃত অর্থে স্বাধীন ও শক্তিশালী করা গেলে এদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতো না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 03:35 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

রাজধানীর ধানমণ্ডির বিলিয়া মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর এনসিওরিং ফেয়ার ইলেকশন (আইএসইএফই) আয়োজিত ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের ভাবনা’ শীর্ষক  এক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন।

বিলিয়ার পরিচালক ওয়ালি--উর--রহমান এবং আইএসইএফই--এর চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার আশরাফ হোসেনের সভাপতিত্বে দুই পর্বে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলিম ওমরাও খান।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, নির্বাচনই বাংলাদেশের একমাত্র সমস্যা নয়। সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য রাজনীতি, রাজনীতিক ও রাজনৈতিক দলের সংস্কার আগে জরুরী।

বক্তারা আরো বলেন, আমলাতন্ত্রকে রাজনীতির স্বার্থে আজ শতভাগ রাজনীতিকীকরণ করে ফেলা হয়েছে। কেউ এখন নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না বিচারপতি কে এম হাসান এবং প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে দিলেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কেননা জোট সরকার প্রশাসনকে এমনভাবে দলীয়করণ করেছে যে যতই পরির্বতন করা হোক না কেন তাদের মনোনিত আমলারাই তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির গোড়াতেই গলদ থেকে গেছে। সেই গলদগুলো আগে চিহ্নিত করতে হবে।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সুষ্ঠু নির্বাচন আজ দেশের প্রতিটি মানুষই চান। ১৪ দল যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার প্রতিটি দাবি মেনে নিলেও কি নিরপেক্ষ নির্বাচন সম্ভব? সরকারি গণমাধ্যমকে ব্যবহার করে জোট সরকার যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে তাতে মনে হয় এটা তাদের নিজস্ব সম্পদ।

সাংসদ জি এম কাদের বলেন, গণতন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে কালো টাকা এবং পেশীশক্তির মালিকরা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এদেরকে এখনই প্রতিহত না করলে জাতিকে উদ্ধারের আর কোনো পথ থাকবে না।

গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন অধ্যাপক কামরুল ইসলাম, নাজমুল আহসান কলিমুল্লাহ, হোসেন তৌফিক ইমাম, মোহাম্মদ জমির উদ্দিন, সুভাষ সিংহ রায় প্রমুখ।