২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলার কার্যক্রম থেকে যুগ্ম সচিবদের প্রত্যাহার

শেষ সময়ে এসে সরকার জেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব থেকে যুগ্ম সচিবদের প্রত্যাহার করে নিয়েছে। ১৫ অক্টোবর ডেটলাইনে মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়ার কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

আদালতের নির্দেশে জেলা মন্ত্রীর পদ বিলুপ্ত করার পর থেকে দেশের ২২টি জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে যুগ্ম সচিবদের দেয়া হয়।

এছাড়া সরকারের শেষ সময়ে এসে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি এবং কয়েকজনকে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োজিত তৌহিদুল ইসলাম (আশিক ইসলাম) ও একেএম মহিউদ্দিন খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৩১ অক্টোবরের পর থেকে বাতিল করা হয়েছে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকীর চুক্তিও ৩১ অক্টোবর থেকে বাতিল করা হয়। তাদের চুক্তির মেয়াদ আরো চার মাস ছিল।

অন্যদিকে লন্ডনে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফজল এম কামাল, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপিকা সাইদুন্নেছা লায়লাকে মঙ্গলবার আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

একই দিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক পদে নিয়োজিত সেনাবাহিনীর কর্ণেল এসএম শওকত আলীকে সরিয়ে ওই পদে সেনাবাহিনীর কর্ণেল সালাহউদ্দিন আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে। কর্ণেল শওকতকে তার পূর্বের পদে যোগদানের জন্য সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু জাফরকে স্ট্যান্ড রিলিজ করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ২১ আগস্টের বদলির আদেশ অনুযায়ী সংস্থাপন মন্ত্রণালয়ে যোগ না দেয়ায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

এছাড়া নতুন পদোন্নতি পাওয়া উপসচিবদের মধ্যে আরো ৬৬ জনকে মঙ্গলবার পদোন্নতির অব্যবহৃত পূর্বে নিয়োজিত পদে পুনর্বহাল (ইনসিটো) করা হয়েছে। পদোন্নতির পর ওইসব কর্মকর্তা সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি হন।

এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুল মতিন ও শামসুল আলম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবের একান্ত সচিব নূরুল ইসলাম এবং শিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সচিব মজিবুর রহমান।