সোহাগ হত্যাকান্ডে সম্পৃক্ত নই: মির্জা আব্বাস
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস শাহজাহানপুর রেলওয়ে কলোনীর সোহাগ হত্যাকান্ডে তার এবং তার পরিবারের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার প্রতিপক্ষ আওয়ামী লীগের এক নেতার পরিকল্পনা অনুযায়ী তাঁকে মামলায় জড়ানো হয়েছে। কারণ গত পাঁচ বছরে তিনি মতিঝিল ও সবুজবাগ এলাকায় যে উন্নয়ন করেছেন, তাতে আগামী নির্বাচনে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী জিততে পারবেন না। এ কারণেই তার ইমেজ ধ্বংস করে প্রতিপক্ষ নির্বাচনী বৈতরণী পার হতে চান।
হত্যাকান্ডের ২১ দিন পর সোহাগ হত্যা মামলায় তাকে জড়িয়ে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস পাল্টা এসব অভিযোগ করেন।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার ভাই কমিশনার মির্জা খোকন, সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক শামসুল হুদাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস বলেন, ২৮ সেপ্টেম্বর মোবাইল সেট নিয়ে ব্যক্তিগত বিরোধের জের ধরে সোহাগ খুন হয়। এই মামলার আসামী সোহাগের তিন বন্ধু সোহাগ, নয়ন ও জুয়েল। এ ব্যপারে তার ভাই লালমিয়া বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেছে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আমাকে ও আমার ভাই মির্জা খোকনসহ কয়েকজনকে আসামী করা হয়।
তিনি দাবি করেন, ঘটনাটি মতিঝিল শাহজাহানপুর রেলওয়ে কলোনীর হলেও এতে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর একজনকে স্বাক্ষী করা হয়েছে। আওয়ামী লীগের একজন আইনজীবী এ মামলাটি দায়ের করিয়েছেন। এতে সোহাগের জনৈক বন্ধুকে বাদী করা হয়েছে।
মির্জা আব্বাস অভিযোগ করেন, কয়েকটি সংবাদপত্র পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের সুনাম নষ্ট করার জন্য মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে চলেছে।
