২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ভারতের সমালোচনায় মোর্শেদ খান

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান আবারও প্রতিবেশী ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতি বড় ভাই সুলভ আচরণ করার অভিযোগ এনেছেন। চট্টগ্রামে সোমবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2006, 10:22 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তিনি বলেন, আমরা চারদিক থেকে ভূমি কিংবা পানি দিয়ে নয়, ভারতের দ্বারা আবদ্ধ হয়ে আছি।

বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার সরজিৎ চক্রবর্তীর উপস্থিতিতে ওই অনুষ্ঠানে মোর্শেদ খান দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি লিখিত বক্তব্য পাঠ না করেই খোলামেলাভাবে নিজস্ব বক্তব্য তুলে ধরেন। ফলে একই বিষয়ে দুজনের বক্তব্যে খানিকটা পার্থক্য ছিল লক্ষ্যণীয়।

এর আগে তিনি সদ্যবিদায়ী হাই কমিশনার বীণা সিক্রির উপস্থিতিতেও এমন বক্তব্য রেখে আলোচিত হন। 

মোর্শেদ খান বলেন, দুই দেশের সম্পর্কের মধ্যে এমন কিছু বিষয় আছে যা পারস্পরিক অবিশ্বাসের জন্ম দেয়। তিনি বলেন, উভয় দেশে আন্তঃসীমান্ত অভিবাসনের অভিযোগ ও বাণিজ্য বৈষম্যের মতো বিষয়গুলো এখনও সমাধান করা যায়নি। ফলে মাঝে মাঝেই দুই দেশের মধ্যকার উষ্ণ সম্পর্কে ভাটা পড়ে।

বিভিন্ন বিষয় নিয়ে বোঝাপড়ার জন্য প্রতিবেশীদের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করা সমৃদ্ধির পূর্ব শর্ত বলে মোর্শেদ খান উল্লেখ করেন।

নোবেল পুরস্কার জয়ের জন্য অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে মোর্শেদ খান বলেন, তিনি বর্তমানে আমাদের সমৃদ্ধির পাসপোর্ট।

বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সরজিৎ চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন, ঢাকায় ২০০৫ সালে ভিসা আবেদন কেন্দ্র চালুর পর থেকে এ পর্যন্ত গত এক বছরে প্রায় ৬০ হাজার ভিসা ইস্যু করা হয়েছে।

চক্রবর্তী বলেন, ভিসা প্রার্থীরা অন-লাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। এর মাধ্যমে পাসপোর্ট জালিয়াতি রোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সুব্রত ভট্টাচার্য ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী ডিবি রাথ।