২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দিষ্ট সময়ে ভোটার তালিকা মূদ্রণ না হওয়ার আশঙ্কা

জাতীয় সংসদ নির্বাচনের জন্য হালনাগাদ ভোট তালিকা মূদ্রণের জন্য আহ্বান করা দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। কিন্তুবিদ্যুত ঘাটতি ও ঈদের ছুটির কারণে নির্দিষ্ট সময়ে (৪৫ দিন) ভোটার তালিকা মূদ্রণের কাজ শেষ না হওয়ার আশংকা প্রকাশ করেছে দরদাতা সংস্থাগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তবে নির্বাচন কমিশন (ইসি) বলছে, এটি সম্পূরক ভোটার তালিকা বলে ছাপার কাজ খুব একটা বেশি করতে হবে না। তাই নির্দিষ্ট সময়েই ভোটার তালিকা মূদ্রণ সম্ভব।  

ঢাকার মূদ্রণ ব্যবসায়ী ও তিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হায়দার আলী নফহবংি২৪.পড়স এর কাছে অভিযোগ করে বলেন, ২০০১ সালের নির্বাচনের সময় ভোটার তালিকা মূদ্রণের জন্য দরপত্রে যে শর্ত ছিল তার সঙ্গে আরো শর্ত যোগ করে বিষয়টিকে জটিল করা হয়েছে। গত ৩০ নভেম্বর দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দরপত্র জমা দেওয়ার শেষ দিনের মাত্র এক দিন আগে ১১ অক্টোবর প্রকাশ করা হয়েছে সংশোধিত বিজ্ঞপ্তি।

তিনি বলেন, এছাড়া এবার দরপত্রে মূদ্রণ শিল্পের সকল কর্মকর্তা -- কর্মচারির জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে। এটি একেবারে অহেতুক একটা শর্ত। দরপত্রে এ সব শর্ত দেয়ায় খুব অল্প সংখ্যক মূদ্রণ ব্যবসায়ীই কাজ পাবেন।

পুরনো ঢাকার বৈশাখী প্রিন্টিং প্রেসের মালিক আব্দুল ওয়াজেদ বলেন, ইসি ৪৫ দিনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা ছাপতে বললেও এর মধ্যে ১০ দিন ঈদের ছুটি এবং এই দেড় মাসে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি রয়েছে। উপরন্তু রয়েছে বিদ্যুত সঙ্কট। সব মিলিয়ে কিছুতেই নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব নয়।

চাঁপাইনবাবগঞ্জের কারুকা কম্পিউটার্সের স্বত্বাধিকারী বদরুদ্দোজা এ. রউফ বলেন, জেনারেটর আছে এমন বড় ধরনের মূদ্রণ ব্যবসায়ীরাই এ কাজ করতে পারবে। দরপত্রের শর্ত দেওয়া হয়েছে সেভাবেই। ছোট ব্যবসায়ীদের এ কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 

ভোটার তালিকা মূদ্রণের কাজ ৩৮ টি জোনে ভাগ না করে ১০০ টি জোনে ভাগ করে করা হলে এটি অনেক দ্রুত শেষ হতো বলে তিনি মন্তব্য করেন।

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও অ্যাস্টোরিয়া ইনফো সলিউশনের মালিক সুবর্ণ আহমেদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন ও মূদ্রণের জন্য ইসি যে ভোটার তালিকা কম্পিউটার ডিস্কে (সিডি) দিচ্ছে, সেটি ‘ফক্স প্রো’ প্রোগ্রামে করা। এটি অনেক পুরনো প্রোগ্রাম। এখন আর কোথাও এটি ব্যবহার করা হয় না।

তিনি বলেন. এটিকে কনভার্ট করে আপডেট প্রোগ্রমে কাজ করা কঠিন একটি বিষয়।

ইসি সচিব আব্দুর রশীদ সরকার অবশ্য মনে করেন, নির্দিষ্ট সময়েই ভোটার তালিকা মূদ্রণের কাজ শেষ করা সম্ভব।

তিনি বলেন, এটি সম্পূরক ভোটার তালিকা বলে এবার মূদ্রণের কাজ অনেক কম। মূল কাজটি কম্পিউটারের সিডিতে করতে হবে। ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়া-- সবই মূদ্রণ ব্যবসায়ীরা সিডিতে করে জমা দেবেন।

ইসি সূত্র জানায়, এবার সম্পূরক ভোটার তালিকা মূদ্রণের জন্য ভোটার প্রতি ব্যয় ধরা হয়েছে ৩ টাকা ১০ পয়সা। ২০০০ সালে ধরা হয়েছিল সাড়ে ৩ টাকা। তখন মূল ভোটার তালিকা ছাপতে হয়েছে বলে ব্যয় বেশি ধরা হয়। এবার ভোটার তালিকা মূদ্রণ খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

ইসি শুক্র এবং শনিবার দরপত্র জমাদানকারী কম্পিউটার সংস্থা ও ছাপাখানা পরিদর্শন করবেন। দরপত্র বাছাইয়ের পর ১৮ অক্টোবর দেয়া হবে কার্যাদেশ।

২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি। গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুসারে এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।