সাতক্ষীরার কুমিরা মহিলা কলেজের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত ছাত্রীরা
তালা উপজেলার কুমিরা মহিলা কলেজ হোস্টেলে উচ্ছেদের নামে ছাত্রীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বুধবার ছাত্রীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।
তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই তালা খোলা হবে না বলেও ছাত্রীরা ঘোষণা দিয়েছে। এছাড়া অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী তারা কলেজের বর্তমান হোস্টেল ছাড়বে না বলেও জানিয়েছে।
সূত্র জানায়, নির্যাতিত ছাত্রীরা তাদের দাবি পূরণের জন্য বুধবার কলেজ কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু কলেজ অধ্যক্ষ লুৎফেয়ারা জামান লাভলী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সেই হোস্টেলেই মেয়েদের পুনর্বাসিত করার উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। অন্যদিকে কলেজের তৃতীয় তলাকে মেয়েদের হোস্টেল ঘোষণার দাবি জানায় নির্যাতিত ছাত্রীরা। এছাড়া তারা ক্ষতিপুরণ ও মামলা করারও দাবি জানায়।
কলেজের একজন ছাত্রী তন্দ্রা রাপি বিডিনিউজকে বলেন, কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে টালবাহানা করছে এবং প্রকৃত বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শেষ পর্যন্ত ছাত্রীরাই বাদী হয়ে মামলা করতে বাধ্য হবে।
গত রোববার আদালতের উচ্ছেদ নোটিশ বাস্তবায়নের নামে স্থানীয় ছাত্রদল ও যুবদল ক্যাডারদের সহযোগিতায় পুলিশ কুমিরা মহিলা কলেজের ছাত্রীবাসে হামলা চালায়। এসময় বেশ কয়েকজন ছাত্রী নির্যাতনের শিকার হয়। ঘটনার পর থেকে কলেজের ছাত্রীরা অভিযুক্তদের বিচার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
