২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ভাষণের পূর্ণ বিবরণ

বরকত, রহমত ও মাগফেরাতের মাস মাহে রমজানে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 01:02 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

কেমন আছেন আপনারা?

আমি জানি, আপনারা ভালো নেই। ভালো থাকার মতো কোন অবস্থা আজ দেশে নেই।

সিয়াম সাধনার মাস রমজানে মানুষের জীবনের দুর্ভোগ আরো বেড়েছে।

জানমালের নিরাপত্তা নেই। পরিবার-পরিজন নিয়ে সেহরী ও ইফতার করাও আজ অসম্ভব হয়ে পড়েছে। কারণ, প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। এমনকি এক ঘণ্টার ব্যবধানে চাল, ডাল, তেল, লবণ, মরিচসহ প্রতিটি জিনিসের দাম বাড়ানোর রেকর্ড করেছে এই সরকার। ইফতার, সেহ্রি ও তারাবির সময় বিদ্যুৎ নাই। গ্যাস নাই। ওজু করার পানি নাই।

আপনারা জানেন, ৫ বছর আগে অপকৌশল ও ভোটজালিয়াতির নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামাত জোট রাষ্ট্রক্ষমতায় এসেছিলো।

এই ৫ বছর এদেশের মানুষের জন্য দুঃস্বপ্নের কাল। দল-মত ও শ্রেণী-পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ দুর্বিসহ অবস্থার ভিতর দিয়ে দিন কাটাচ্ছে।

এমনকি যারা গত নির্বাচনে জোট সরকারকে ভোট দিয়েছিলেন তারাও স্বীকার করবেন, এই সরকার দেশ পরিচালনার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

যেকোন সরকারের দায়িত্ব দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা। বিএনপি-জামাত জোট সরকার চাল, ডাল, তেল, লবণসহ প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে প্রমাণ করেছে, তারা দায়িত্ব পালনে ব্যর্থ।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, পরিবহন, গ্যাস, বিদ্যুৎ, পানি, সেচসহ সবক্ষেত্রে মূল্যবৃদ্ধি জনগণের জীবনকে অসহনীয় করে তুলেছে।

প্রধানমন্ত্রীর ছেলের হাওয়া ভবনের সিণ্ডিকেট জিনিসের দাম বাড়িয়ে ৫ বছরে ২ লাখ ৮৬ হাজার কোটি টাকা মুনাফা করেছে।

জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা একটি সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু এই সরকার তা না করে জেলায় জেলায় গডফাদার সৃষ্টি করে মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে।

সরকারের কাজ যখন সুশাসন প্রতিষ্ঠা করা, দুর্নীতি দূর করা তখন আজ চলছে শাসনহীনতা। ক্ষমতাসীনরা দুর্নীতিকেই দেশ পরিচালনার একমাত্র নীতি হিসাবে গ্রহণ করেছে।

শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রতিটি খাতে এই সরকারের ৫ বছরের কর্মকাণ্ড অদক্ষতা ও ব্যর্থতার প্রামাণ্য দলিল হয়ে থাকবে।

সরকারের ভুল অর্থনৈতিক নীতির কারণে পাটশিল্প, চিনিশিল্পসহ ৩ হাজার শিল্প, কল-কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। ২০ লাখ গার্মেন্টস শ্রমিক এবার কোন বেতন-বোনাস ছাড়াই ঈদ করবে।

বিদেশী বিনিয়োগ উল্লেখযোগ্যহারে কমে গেছে। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। রপ্তানি হ্রাস পেয়েছে।

ডিজেল, সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বাড়িয়ে কৃষিখাতকে ধ্বংস করা হয়েছে। কৃষক তার পণ্যের ন্যায্যদাম পাচ্ছেনা।

স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি আজ ক্ষমতার অংশীদার। জোট সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পরিচিত হচ্ছে অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে।

জাতীয় সংসদকে অকার্যকর করে রাখা হয়েছে। জবাবদিহিতার কোন ব্যবস্থা নেই।

বিরোধীদলের নেতা-কর্মীদের উপর চলছে দমন, নির্যাতন। পরিকল্পিতভাবে শাহ এএমএস কিবরিয়া ও আহসানউল্লাহ মাষ্টার এমপিসহ আমাদের জনপ্রিয় নেতা ও সংগঠকদের হত্যা করেছে।

১৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। শিক্ষক, সাংবাদিক, লেখক, ক্রীড়াবিদ-কেউই নির্যাতনের কবল থেকে রেহাই পাচ্ছেন না।

প্রশাসন ও বিচার বিভাগকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে। হাইকোর্টের ২২ জন বিচারপতিকে চাকুরিচ্যুত করেছে।

দলীয় বিবেচনায় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ কর্মকর্তা ও শিক্ষকদের চাকুরিচ্যুত করা হয়েছে।

বিচার বিভাগ পৃথক করার ওয়াদা ভুলে গিয়ে সরকার সর্বোচ্চ আদালতের রায়কে অবমাননা করেছে।

দেশের তেল, গ্যাস, কয়লা, খনিজ সম্পদ ও বন্দর নিয়ে চলছে চক্রান্ত, দুর্নীতি ও লুটপাটের খেলা।

শুধুমাত্র ঘুষ ও দুর্নীতির লোভে সময়মতো ফাইবার অপটিক সাবমেরিন ক্যাবলের সংযোগ না দিয়ে তরুণ প্রজন্মকে ইন্টারনেট প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। গণতন্ত্রের ধারাবাহিকতায় একটি সরকার যায়, আরেকটি আসে। কিন্তু উন্নয়ন প্রক্রিয়া থেমে থাকেনা।

অথচ, আমাদের চালু করা উন্নয়ন প্রকল্পগুলোর কাজ বন্ধ করে দিয়ে বর্তমান সরকার প্রমাণ করেছে, তারা উন্নয়ন চায়না, দেশ ও জনগণের মঙ্গল চায়না।

বিএনপি-জামাত জোট নেত্রী কথায় কথায় উৎপাদন আর উন্নয়নের রাজনীতির কথা বলেন।

প্রধানমন্ত্রী যদি এতোই উন্নয়ন করে থাকেন তবে মানুষের কাছে যেতে ভয় পান কেনো?

আওয়ামী লীগ সরকার গঠন করার সময় খাদ্য উৎপাদন ছিলো ১ কোটি ৯০ লক্ষ মেট্রিক টন।

আমরা ৫ বছরে উৎপাদন করেছিলাম ২ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন। অর্থাৎ, খাদ্য উৎপাদন বেড়েছিলো ৮০ লক্ষ মেট্রিক টন।

এই সরকার ৫ বছরে খাদ্য উৎপাদন বাড়িয়েছে মাত্র ১০ লক্ষ মেট্রিক টন।

এই হচ্ছে প্রধানমন্ত্রীর উৎপাদনের রাজনীতির নমুনা।

আমরা সরকারে থাকতে ২০,৯৭৭ কিলোমিটার পাকা রাস্তা রেখে এসেছিলাম।

এই সরকার ৫ বছরে এক কিলোমিটার নতুন রাস্তাও নির্মান করতে পারেনি।

গত বিএনপি সরকারের সময়ে দেশে বিদু্যুৎ উৎপাদন ছিলো ১৬০০ মেগাওয়াট।

আমরা ২৭০০ মেগাওয়াট বৃদ্ধি করে তা ৪৩০০ মেগাওয়াটে উন্নীত করি।

অথচ, বর্তমানে বিদ্যুৎ ঘাটতি গড়ে ২০০০ মেগাওয়াট।

৫ বছরে ১৮ হাজার কোটি টাকা খরচ করে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়াতে পারেনি।

কানসাটে বিদ্যুৎ চাওয়ার অপরাধে চার দফায় ২০ জন মানুষকে হত্যা করা হয়েছে।

এটাই হচ্ছে তাদের উন্নয়নের রাজনীতির নমুনা।

‘পারফরমেন্স’ দিয়ে সরকারের সফলতা বিচার করা হলে এরা দিয়েছে ‘পুওর পারফরমেন্স’।

গভর্নেন্স দিয়ে সরকারের কৃতিত্ব বিচার করা হলে এরা দিয়েছে ব্যাড গভর্নেন্স।

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করেছে।

তখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজ করার পরিবেশ ছিলো।

আজ নিয়োগ, বদলি, ওএসডি আর চাকুরিচ্যুতি নিয়ে প্রশাসনে বিরাজ করছে আতংক আর হতাশা।

আমরা মানুষের আত্মবিশ্বাস ও আস্থা ফিরিয়ে দিয়েছিলাম। তারা উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলো।

কিন্তু এই সরকারের সময়ে মানুষের সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। প্রতিটি পরিবারে হতাশা, অভাব আর অনিশ্চিত ভবিষ্যতের দুঃশ্চিন্তা।

৫ বছরে এই সরকার জাতিকে ব্যর্থতা, গ্লানি ও সংকট ছাড়া আর কিছুই দিতে পারেনি।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে।

যে জাতি একদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে লড়াই করে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলো তারা এ অবস্থা মেনে নিতে পারেনা।

এদেশের মানুষ চায় ব্যর্থতার চিরঅবসান। সফলতার নতুন সুর্যোদয়।

মানুষ হতাশার অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করতে চায়।

মানুষ চায় জীবনের সর্বক্ষেত্রে সংকটের সমাপ্তি। চায় সম্ভাবনার নতুন দিগন্ত।

আমাদের সংবিধান জনগনকে নিজের পছন্দের সরকার বেছে নেয়ার যে অধিকার দিয়েছে মানুষ তার প্রয়োগ করতে চায়।

মানুষের এই অধিকার নিশ্চিত করতেই আমরা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের আহবান জানিয়েছি।

আমরা চাই, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। আর সেকারনেই, খোলামন নিয়ে সংলাপে অংশগ্রহন করেছি।

একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে হবে।

দল-মত নির্বিশেষে যে কোন মানুষকে জিজ্ঞাসা করলেই বলবে, তারা চায় এমন একজন প্রধান উপদেষ্টা যিনি নিরপেক্ষ, নির্দলীয় এবং অবিতর্কিত। তারা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে এই পদে দেখতে চায়না।

বিতর্কের উর্ধ্বে এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার ক্ষেত্রে বিএনপি-জামাত জোটের আপত্তি কেনো?

কারণ, তারা জানে, নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ তাদের ভোট দেবেনা।

এরা জনগণের ভোট চুরি করতে চায়। এই চুরিতে যে সহযোগিতা করবে তাকেই প্রধান উপদেষ্টা বানাতে চায়।

সেকারণেই এরা সংস্কার প্রস্তাবের বিরোধিতা করছে।

ভোটচুরির জন্য নির্বাচন কমিশনকে দলীয়করণ করেছে।

১ কোটি ৪০ লাখ ভূয়া ভোটার করেছে।

ছাত্রদল ও শিবিরের ৩০০ ক্যাডারকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে।

বঙ্গবন্ধুর খুনীর আত্মীয়, বিএনপির একসময়ের আন্তর্জাতিক সম্পাদককে প্রধান উপদেষ্টা করতে ২০০৪ সালের ১৭ মে সংবিধান সংশোধন করেছে।

সংবিধানের ৫৮(খ) অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা।

সংবিধানের ৫৮(খ) এর ১, ২, ৩ এবং ৫৮(গ) এর ১, ৬, ১২, ৫৮(ঘ) এর ১, ২ ও ৫৮(ঙ) অনুচ্ছেদে স্পষ্টভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের রূপরেখা দেয়া আছে।

৫৮(গ) এর ৭ খ ধারায় স্পষ্ট বলা আছে, কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারবেন না।

সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার হতে পারে।

স্বচ্ছ ব্যালট বাক্স ও ছবিসহ ভোটার তালিকা চাই।

পিআরও ১৫৫, ১৯৯১ ও ১৯৯৬ সালের আইন বলবৎ চাই।

জনগনকে সাথে নিয়ে আমরা একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

আমরা বিশ্বাস করি, জনগণ তাদের ভোট দেয়ার অধিকার ফিরে পেলে এমন একটি সরকার নির্বাচিত করবে যারা কাজ করবে মানুষকে উন্নত জীবন দেয়ার জন্য।

মানুষ এমন একটি সরকার বেছে নিতে চায় যে সরকার গণতন্ত্র দিবে, নিরাপত্তা দিবে, তাদের

সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দিবে।

আমরা সব মানুষের জন্য একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে চাই।

জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমরা ইনশাল্লাহ -

চাল-ডাল-তেল-লবনসহ জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে “মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ” প্রতিষ্ঠা করবো। বাজার তদারকির ব্যবস্থা করা হবে।

এক বছরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি সহনশীল পর্যায়ে নিয়ে আসবো। সরকারি-বেসরকারি এবং দেশী-বিদেশী যৌথ উদ্যোগের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সোলার এনার্জি প্রজেক্ট ও উইন্ড এনার্জি প্রজেক্ট চালু করে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করবো।

বিদ্যুৎ, পানি, গ্যাসসহ সকল প্রকার সেবার মূল্য স্থিতিশীল রাখবো। 

এলিভেটেড রাস্তা, পূর্ব-পশ্চিমমুখী রাস্তা ও রিং-রোড নির্মাণ করে ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণ করবো।

জঙ্গীবাদ ও সন্ত্রাস বন্ধ করবো। সন্ত্রাসী ও তাদের গডফাদারকে চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার করা হবে। সন্ত্রাসীদের রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বন্ধ করা হবে।

রাষ্ট্র ও সমাজের সকল স্তরের দুর্নীতি উচ্ছেদ করবো। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ আত্মসাৎকৃত অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা ও কার্যকরিতা নিশ্চিত করা হবে।

বিচার বহির্ভুত হত্যা বন্ধ করা হবে। মৌলিক অধিকার পরিপন্থী সকল আইন ও বিধি বাতিল করা হবে।

প্রশাসন ও বিচার বিভাগের দলীয়করণ বন্ধ করবো। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে।

২০০৪ সালের ২১ আগষ্টের গ্রেনেড হামলাসহ সকল বোমা ও গ্রেনেড হামলার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারী ও তাদের গডফাদারদের খুঁজে বের করে বিচার করা হবে।

‘প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ’Ñ এই নীতির ভিত্তিতে সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠা করবো।

দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার ব্যবস্থা নেবো। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের রায় বাস্তবায়ন করবো।  জেলখানায় জাতীয় চারনেতা হত্যার বিচারকাজ সমাপ্ত করা হবে। 

ইতিহাস বিকৃতি রোধ করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হবে। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়, সামাজিক ও আর্থিক মর্যাদা প্রদান করা হবে।

জাতীয় সংসদকে কার্যকর করা হবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

এক বছরের মধ্যে জেলা ও উপজেলা পরিষদ নির্বাচনের ব্যবস্থা করা হবে। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হবে।

ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করা হবে।

বন্ধ কল কারখানা চালু করার উদ্যোগ নেয়া হবে। পাট, চিনি ও গার্মেন্টস শিল্প রক্ষা ও বিকাশের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশী-বিদেশী বিনেয়োগের পরিবেশ সৃষ্টি ও সহায়তা প্রদানের পদক্ষেপ নেয়া হবে।

দারিদ্র্য নিরসনে জাতীয় কার্যক্রম গ্রহণ করা হবে। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া বস্তিবাসী, হকার, রিক্সা-ভ্যান চালকদের উচ্ছেদ করা হবে না।

ভূমিহীন, নদীভাঙ্গা ও বাস্তুহারাদের খাস জমিতে পুণর্বাসন করা হবে।

প্রত্যেক পরিবারের অন্তত একজন কর্মক্ষম যুবকের কর্মসংস্থানের জন্য “এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম” চালু করা হবে।  আমাদের প্রবর্তিত কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম ও পরিধি বাড়ানো হবে।

কৃষি উপকরণের দাম কমানো হবে। কৃষকের জন্য উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। কৃষিতে ভর্তুকি দেয়া হবে।

উত্তরবঙ্গের মঙ্গা কবলিত এলাকায় ফসল বহুমুখীকরণ ও কৃষিনির্ভর শিল্প স্থাপন করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।

১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতি পুণর্বহাল করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। নারীর প্রতি বৈষম্য দূর করার ব্যবস্থা নেয়া হবে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনসহ সকল নির্বাচিত প্রতিষ্ঠানে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে। 

শিক্ষক-প্রকৌশলী-চিকিৎসক-কৃষিবিদ-সাংবাদিক-আইনজীবীসহ পেশাজীবীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করবো।

শিক্ষা নিয়ে বাণিজ্য, দুর্নীতি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ করবো। শিক্ষাকে বিশ্বমান সম্পন্ন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের দলীয়করণ বন্ধ করা হবে।

পরীক্ষায় নকল বন্ধ করা হবে। প্রশ্নপত্র ফাঁসের খেলা বন্ধ করবো। সরকারী প্রতিষ্ঠানে øাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে।

আমাদের তরুণ প্রজন্ম সুযোগ পেলে যে কোন দেশের সাথে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে প্রতিযোগিতায় জয়ী হতে পারে। তাদের জন্য সহায়ক ও পৃষ্ঠপোষকের ভূমিকা রাখতে চাই।

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রবর্তিত ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক আবার চালু করা হবে।

সংবাদপত্র ও রেডিও-টেলিভিশনকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত করা হবে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা হবে। বাঙালি সংস্কৃতির বিকাশকে উৎসাহিত করা হবে।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন করা হবে। আদিবাসীসহ সকল পশ্চাৎপদ জনগোষ্ঠির উন্নয়নে বাস্তবসম্মত ব্যবস্থা নেয়া হবে। 

গ্যাস, কয়লাসহ খনিজ সম্পদের জাতীয় স্বার্থে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। স্বচ্ছ জাতীয় নীতির অধীনে দেশী-বিদেশী বিনিয়োগের ব্যবস্থা করা হবে। জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করবো। দেশের সবগুলো জেলায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।

বন্দর ব্যবস্থাপনাকে আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দরকে দক্ষিণ এশিয়ার প্রধান বন্দরে পরিণত করা হবে। গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে।

এশিয়ান হাইওয়ে ও রেলওয়ের সাথে বাংলাদেশকে সংযুক্ত করা হবে।

সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। পেশাদারিত্বের ভিত্তিতে সশস্ত্রবাহিনী গড়ে তোলা হবে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্রবাহিনীর আরো বেশী অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

ক্রীড়াঙ্গণকে দলীয় রাজনীতির উর্ধ্বে রাখবো। ক্রীড়াবিদদের লেখাপড়া, চিকিৎসা ও চাকুরির জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।

আন্তর্জাতিক ক্ষেত্রে ‘সকলের সঙ্গে বন্ধুত্ব ও কারও সঙ্গে বৈরিতা নয়’ এই নীতির আলোকে স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করা হবে। পড়শী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবো। দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদার করা হবে।

আপনারা জানেন, প্রধানমন্ত্রী বা বিরোধীদলের নেত্রী নয়, আমার সবচাইতে বড়ো পরিচয় - আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা। এই জীবনে দেশের মানুষের ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি, মমতা পেয়েছি।

১৯৭৫ এর ১৫ আগস্ট হারিয়েছি বাবা-মা, তিন ভাইসহ পরিবারের সবাইকে। বেঁচে আছি শুধু দুই বোন।

আল্লাহতালার রহমতে, আপনাদের দোয়ায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। হারিয়েছি ২৪ জন নেতা-কর্মীকে।

ইনশাল্লাহ্ যতোদিন বেঁচে থাকবো এদেশের দুখী মানুষের জন্য কাজ করে যাবো। আমাদের পরবর্তী প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী দিনগুলো দেখেনি তাদের কাছে পৌঁছে দিবো স্বাধীনতার অমৃত ফসল। গড়ে তুলবো দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ।

সবাইকে আগামী ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।

খোদা হাফেজ।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

বাংলাদেশ চিরজীবী হোক।