বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ - ছাত্রদল সংঘর্ষ, আহত ১৫ (বিস্তারিত)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার ছাত্রদল - ছাত্রলীগ সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এদিকে ঘটনার প্রতিবাদে সন্ধায় ছাত্রদল ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে।
জানা গেছে, ছাত্রলীগ - ছাত্রদল সংঘর্ষের সূত্রপাত হয় রোববার রাতে। আশরাফুল হলে টিভি দেখাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগের এক নেতা ছাত্রদলের নেতাকে ‘তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেয়।
এই হুমকির পর ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীরা আশরাফুল হলে ছাত্রলীগের দখলে থাকা ১০৪, ১৩২, ৪৪১ ও অপর একটি রুমের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় এবং ছাত্রলীগের লিমন ও শিমুলকে মারধর করে। পরে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ রাত ১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে।
এই হামলার জের ধরে সোমবার দুপুরে নেতাকর্মীরা সংগঠিত হতে থাকলে ছাত্রদল পুনরায় হামলা চালালে তারা পিছু হটে যায়। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা জামাল হোসেন হলের ক্যান্টিনে ব্যাপক ভাংচুর চালায় এবং পরে ঈশাখাঁ হলে অবস্থান নেয়। উভয়পক্ষের হামলা - পাল্টা হামলার এক পর্যায়ে উভয়পক্ষই ককটেল বোমা নিক্ষেপ করে। এতে ১৫ জন নেতাকর্মী আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ছাত্রদল আরেক দফায় ছাত্রলীগের ওপর হামলা চালাতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ছাত্রদল পুলিশের ওপরও চড়াও হলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। ঘটনা সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক রশিদ ও ছাত্রদল নেতা আপেল গুলিবিদ্ধ হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন উর রশীদকে জিজ্ঞ্যেস করা হলে তিনি বিডিনিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ছাত্রলীগ বাকৃবি শাখার সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রয়েল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার বিচার না হলে ক্যাম্পাস অচল করে দেওয়া হবে।
এদিকে সন্ধ্যায় ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবীব প্রান্ত তাদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেন। সন্ধ্যায় এক সমাবেশে তিনি বলেন, ছাত্রদলের ওপর পুলিশী হামলার কোন সুরাহা না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।
