তিন পার্বত্য জেলায় প্রধানমন্ত্রীর সফর বুধবার, উদ্বোধন করবেন কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সফরে আসছেন।
সফরকালে প্রধানমন্ত্রী তিন জেলায় কয়েকশ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে দুটি জনসভায় বক্তব্য রাখার কথা থাকলেও বান্দরবানে তিনি শুধুমাত্র কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এ নিয়ে বান্দরবানে ক্ষমতাসীন দলের নেতা--কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার প্রথমে খাগড়াছড়ি, পরে রাঙ্গামাটি এবং সবশেষে বান্দরবান জেলায় আসবেন। প্রধানমন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টারে করে খাগড়াছড়ি এসে পৌছাবেন। সেখানে পর্যটন কমপ্লেক্স ও যুব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন। একই দিন দুপুর সোয়া একটায় রাঙ্গামাটিতে পৌছে তিনি নবনির্মিত পুলিশ সুপার কার্যালয়, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট উদ্বোধন করবেন। পরে তিনি স্থানীয় স্টেডিয়ামে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর পর রাঙ্গামাটি থেকে সরাসরি বিকেলে সাড়ে তিনটায় তিনি বান্দরবান এসে পৌছাবেন। সেখানে তিনি বেতার কেন্দ্র, উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের সম্প্রসারিত ভবন, দ্বিতীয় শঙ্খ সেতু, মেঘলা পর্যটন মোটেল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করবেন।
কিন্তু অন্য দুই জেলায় প্রধানমন্ত্রীর জনসভা থাকলেও বান্দরবানে এর ব্যতিক্রম হওয়ায় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা--কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আবার অনেকে এটাকে বান্দরবান বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল হিসেবেও বিবেচনা করছেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে তিন পার্বত্য জেলায় উৎসবের আমেজ দেখা দিয়েছে। বান্দরবান শহরের রাস্তাঘাট পরিস্কার--পরিচ্ছন্ন করা হচ্ছে।
রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির জনসভা সফল করার জন্য নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রী এ দুটি জনসভা থেকে আগামী জাতীয় নির্বাচনে জোটের প্রার্থী ঘোষণা করবেন বলে আভাস পাওয়া গেছে।
