তৃতীয় দফা বৈঠক শেষে জানা গেলো পরের বৈঠক মঙ্গলবার সকাল ১১টায়
রোববার তৃতীয় দফা দ্বিপাক্ষিক আলোচনা শেষেও পরবর্তী বৈঠকের তারিখ ঘোষণা করেই যৌথ সংবাদ সম্মেলন শেষ করলেন প্রধান দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদক।
রোববার রাত আটটায় ঘন্টাব্যাপী আলোচনা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভ্ূঁইয়া একই সুরে বললেন, আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদী।
পাশাপাশি যৌথ সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন আগামী মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে আবারো সংলাপ হবে।
রোববার সন্ধ্যা ৭টা ০৭ মিনিটে সংসদ ভবনের দোতলার কমিটি কক্ষে রুদ্ধদ্বার বৈঠক শুরু করেন আবদুল মান্নান ভূঁইয়া ও আবদুল জলিল। গত বৃহস্পতিবার বিরোধী দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে এই সংলাপ শুরু হয়।
যৌথ সংবাদ সম্মেলনে আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব বিষয়ে আলোচনা করেছি। এ আলোচনা অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা পেলে আমরা একটা সমাধানে পৌঁছুতে পারবো’।
পাশে বসা আবদুল জলিল বলেন, ‘দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আমরা উভয়ই আন্তরিক। আমরা একটি সমঝোতা চাই । আগামিদিন আপনাদের সহযোগিতা পেলে আমরা একটা সমাধানে পৌঁছুতে পারবো’।
