একদিন বিরতি দিয়ে রোববার সন্ধ্যা সাতটায় সংলাপের তৃতীয় দফা
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার এর সংস্কার প্রশ্নে একদিন বিরতি দিয়ে রোববার সন্ধ্যা ৭টায় বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল আবার সংলাপে বসছেন।
গত বৃহস্পতিবার সংসদ ভবনে এই দুই প্রধান রাজনৈতিক দলের নেতার মধ্যে সংলাপ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংস্কার প্রস্তাবের প্রধান ইস্যু হিসেবে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানের পরিবর্তনসহ বর্তমান সিইসি বিচারপতি এমএ আজিজ, নির্বাচন কমিশনার সম জাকারিয়া, বিচারপতি মাহফুজুর রহমান ও হাসান মনসুরের নিয়োগ বাতিলের দাবি সর্ম্পকে আওয়ামী লীগ সরকারের অবস্থান জানতে চাইবে।
এদিকে সরকারের একাধিক নীতিনির্ধাকের সঙ্গে আলাপ করে জানা গেছে, সংলাপে আওয়ামী লীগ তার পূর্ববর্তী অবস্থানে অনঢ় থাকলে সমঝোতার সম্ভাবনা কম। সংবিধানের বাইরে সরকার কোনো সমঝোতায় যেতে পারবে না। তারা মনে করেন, নির্বাচনী আইন ও বিধির ক্ষেত্রে সংস্কার আনা গেলে ও নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করা হলেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে। এক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে চায়।
