পদত্যাগের প্রশ্নে সাংবাদিকতা শিখতে বললেন সিইসি
এ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ সাংবাদিকতা শেখার পরামর্শ দিলেন।
রোববার সাংবাদিকদের ওই প্রশ্নের জবাবে সিইসি পাল্টা প্রশ্ন করেন, ‘এ প্রশ্ন আমাকে করছেন কেনো?’ নিরাপত্তা বাহিনীর সহায়তায় গাড়িতে উঠতে উঠতে রাগান্বিত স্বরে এম এ আজিজ আরো বলেন, ‘অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন জার্নালিজম।’
এদিকে রোববার সকাল থেকেই শোনা যাচ্ছিল পদত্যাগ করছেন সিইসি ও অন্য দুই কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান এবং স ম জাকারিয়া। নতুন সিইসি হতে যাচ্ছেন আরেক নির্র্বাচন কমিশনার হাসান মনসুর।
সপ্তাহের শুরুর পুরো দিনই সিইসির পদত্যাগ নিয়ে নির্বাচন কমিশন ছিল বিভিন্ন আলোচনায় সরগরম। একারণে নির্বাচন কমিশনে স্বাভাবিক কাজকর্মেরও ব্যাঘাত ঘটে।
অজানা কারণে সিইসি আজিজের কক্ষে বৈঠক না করে রোববারও বিচারপতি মাহফুজুর রহমানের কক্ষে চার নির্বাচন কমিশনার ঘন্টাব্যাপী বৈঠক করেন। এর আগে বিচারপতি এমএ আজিজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার হাসান মনসুরের কক্ষে কমিশনের বৈঠক করেছেন। নামপ্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলেছেন, প্রথা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের কক্ষেই নির্বাচন কমিশনারদের বৈঠক হওয়ার কথা।
এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে রোববার সন্ধ্যায় মহাসচিব-সাধারণ সম্পাদক পর্যায়ে তৃতীয় দফা বৈঠকে বসছে প্রধান দুই রাজনৈতিক দল। এ বৈঠকে সিইসি আজিজের পদত্যাগ ও বিচারপতি কে এম হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া নিয়েই প্রধানত আলোচনা হতে পারে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
