২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণআদালত মুলতবি, চট্টগ্রামকে মেয়রের বিচ্ছিন্ন করে নেয়ার ঘোষণা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বন্দর নগরী চট্টগ্রামকে সারা দেশ থেকে বিছিন্ন করে দেওয়া এবং ২৬ অক্টোবর বন্দর নগরীতে মন্ত্রী পর্যায়ের সফর প্রতিহত করাসহ শনিবার ১০ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 10:30 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং বিদ্যুৎ ও পানি সংকটের জন্য অভিযুক্তদের বিচারের জন্য চট্টগ্রামে গঠিত গণআদালত থেকে মেয়র মহিউদ্দিন চৌধুরী এই কর্মসূচির ঘোষণা দেন।

আদালতের শুনানী কার্যক্রম আগামী ২০ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

আদালতের কার্যক্রম ২০ নভেম্বর পর্যন্ত মুলতবি করে বলা হয়, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বিএনপি নেতা তারেক রহমান, মন্ত্রীসভার সদস্যরা এবং সরকারের কয়েক জন শীর্ষ কর্মকর্তাসহ অভিযুক্তদের এই আদালতে অথবা গণমাধ্যমের মাধ্যমে আত্মপক্ষ সমর্থণের সুযোগ রয়েছে।

প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম আবেদনকারীর পক্ষে শুনানীতে অংশ নেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে চট্টগ্রামে গঠিত এই গণআদালতের তিন দিনের কার্যক্রমে দূর্নীতি, বিদ্যুৎ ও পানি সংকট, মিল--কারখানা বন্ধ, শ্রমিকদের বিপুল পরিমাণ বকেয়া প্রদান না করাসহ মোট ৬ টি বিষয়ের উপর শুনানী হয়েছে।

মেয়র ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ অক্টোবর বন্দর নগরীকে অবশিষ্ট দেশ থেকে বিচ্ছিন্ন করে নেয়া এবং ২৬ অক্টোবর চট্টগ্রামে যে কোন মন্ত্রীর সফর প্রতিহত করা।

এছাড়া ওই দিন উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ না মানার জন্যও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। বর্তমান সরকারের মেয়াদ ২৭ অক্টোবর শেষ হচ্ছে।

আন্দোলন কর্মসূচির মধ্যে আরো রয়েছে ৮--১৫ অক্টোবর ছাত্র, যুবক, নারী, শ্রমিক, পেশাজীবী, ব্যাবসায়ী ও মুক্তিযোদ্ধাদের সমাবেশ এবং দেড় শতাধিক ট্রাকের শোভাযাত্রা।