সাতক্ষীরার ৪ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
প্রায় দুইমাস জলাবদ্ধ অবস্থায় থাকা সাতক্ষীরার চারটি উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
সাতক্ষীরা প্রেসক্লাবে বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ ব্যাপারে অচিরেই আন্দোলন শুরু করা হবে বলেও ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মীর মোশতাক আহম্মেদ রবি, আবু নাসিম ময়না ও ফিরোজ কামাল শুভ্র।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, চর ভরাট ও জমি দখলসহ অপরিকল্পিতভাবে চিংড়ি চাষের কারণে সাতক্ষীরার বিস্তির্ণ জনপদে অতিবর্ষণের পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরদিকে পলি জমায় কপোতাক্ষ, বেতনা, মরিচাপ ও শালিখা নদী নাব্যতা হারিয়েছে। ফলে অতিবর্ষণে নদীর পানি উপচে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।
তারা আরও বলেন, এসব এলাকার দুর্গত মানুষের জন্য বিএনপি--জামাত জোট সরকার এখন পর্যন্ত কোন ধরনের ত্রাণ সামগ্রী বরাদ্দ করেনি। ব্যক্তি উদ্যোগে ও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা সহায়তা করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
তারা জলাবদ্ধ চারটি উপজেলাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নেরও দাবি জানান। তারা বলেন, দুর্গতদের অবিলম্বে ত্রাণ সাহায্য দেওয়া না হলে পুরো জেলায় আন্দোলন গড়ে তোলা হবে।
