সংস্কার ছাড়া নির্বাচন হবে না: সংসদে হাসিনা (বিস্তারিত)
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না। জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে বুধবার তিনি এক ঘণ্টা ১৫ মিনিট ধরে বক্তব্য রাখেন।
শেখ হাসিনা তার ভাষণে সংসদকে ‘অকার্যকর’ আখ্যায়িত করে বলেন, পাঁচ বছর ধরে সংসদ অকার্যকর করে রাখার জন্য জোট সরকারই দায়ী। তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভোট চুরির চিন্তা বাদ দিয়ে সংস্কার প্রস্তাব মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে থাইল্যান্ডের সেনা অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার লোভে সংসদীয় ব্যবস্থা যেন ধ্বংস হয়ে না যায়। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি ও তার দল থাইল্যান্ডের সেনা অভ্যুত্থানের মতো কোন ঘটনা এদেশে চান না।
শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুৎ সংকটের কারণে এদেশের জনগণ তাদের ভোট দেবে না। এজন্যই বিএনপি--জামায়াত জোট জনগণের ভোট চুরি করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে লিপ্ত হয়েছে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সম্পর্কে শেখ হাসিনা অভিযোগ করেন, সিন্ডিকেট করে চাল, ডাল, চিনি, তেল, লবণের দাম বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বিদ্যুৎ সংকটের কারণে মানুষ সেহরী ও ইফতারের সময় বিদ্যুৎ পায় না, ওজু করার পানি পর্যন্ত পায় না। রান্নার জন্য চুলায় গ্যাস নেই। এমন কোন জিনিস নেই যার দাম বাড়েনি।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং জনগণের ভোটাধিকার রক্ষার জন্যই এই সংস্কার প্রস্তাব।
বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, জনগণের ভোট চুরি করতে চাচ্ছেন কেন? জনগণের স্বাধীন মত প্রকাশের ক্ষমতা কেড়ে নেবেন না।
তিনি প্রধানমন্ত্রীকে সংলাপের মাধ্যমে সংস্কার প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোট চুরির কথা মাথা থেকে বাদ দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটের সরকার প্রতিষ্ঠা করতে দিন।
শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে প্রত্যাখ্যান করে বলেন, সংবিধানে বলা হয়েছে নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। কে এম হাসান বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এক খুনীর আত্মীয়।
তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ সব নির্বাচন কমিশনারকে প্রত্যাখ্যান করে বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
‘নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে’ বিরোধী দলীয় নেতা ‘পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার’ পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, এই আদেশ ১৯৯১ ও ১৯৯৬ সালের অবস্থা ফিরিয়ে আনতে পারে।
জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, সরকার জঙ্গিদের তাদের প্রয়োজনে ব্যবহার করছে। আর এখন তাদের গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার উদ্যোগ নিয়েছে। জঙ্গিদের কনডেম সেলের পরিবর্তে জামাই আদরে সাবজেলে রেখেছে।
সংসদের কার্যকারিতা সম্পর্কে শেখ হাসিনা প্রশ্ন করে বলেন, ‘এই সংসদ জনগণকে কতটুকু দিতে পেরেছে? মন্ত্রী, এমপিদের বেতন বেড়েছে দফায় দফায়। মন্ত্রী - এমপিরা ফ্ল্যাট, প্লট, জমি - জমা পেয়েছে। কিন্তু এখানে ভোটার সমস্যা নিয়ে আলোচনা হয়নি।’
সংসদে বিভিন্ন সময় নোটিশ দেওয়া প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট, আইন--শৃঙ্খলা পরিস্থিতি, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনার জন্য ২ হাজার ৫০০ নোটিশ দিয়েছি। কিন্তু এগুলোর একটিও আলোচিত হয়নি। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা ৯২২টি প্রশ্ন জমা দিয়েছি। কিন্তু এর একটিও গৃহীত হয়নি। বিরোধী দলীয় নেতাকে ৮৬ বার এবং আওয়ামী লীগ সাংসদদের ২১৬ বার বাধা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদের বিভিন্ন কমিটির কার্যকারিতা সম্পর্কে শেখ হাসিনা বলেন, স্থায়ী কমিটিগুলোর প্রতি মাসে একটি করে বাধ্যতামূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিগত ৩৮ মাসে অধিকাংশ স্থায়ী কমিটির ১৫, ১৮, ১৯টি করে সভা অনুষ্ঠিত হয়েছে।
