বিভিন্ন ইস্যুতে সংসদ ছিল উত্তপ্ত, আ. লীগের প্রতীকী ওয়াকআউট
বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলতে না দেওয়া এবং শ্যুটার আসিফ, বিরোধী দলীয় নেতা--কর্মী ও চট্টগ্রামে সাংবাদিকদের ওপর পুলিশী হামলার ঘটনা নিয়ে মঙ্গলবার সংসদ ছিল উত্তপ্ত। এক পর্যায়ে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সদস্যরা প্রতীকী ওয়াকআউট করেন।
বিরোধী দলের সদস্যরা পুলিশী নির্যাতনের এসব ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, দলীয় ক্যাডারদের পুলিশ প্রশাসনে নিয়োগ দিয়ে কেবল লাঠিপেটা করার প্রশিক্ষণ দিয়ে রাস্তায় নামানো হয়েছে। গোটা দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তারা এসব ঘটনার পুলিশী তদন্তের পরিবর্তে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে জিরো আওয়ারে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ আবদুস শহীদ। তিনি দেশের সার্বিক আইন--শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বলেন, সিলেটে আইন--শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার অভাবের কারণে ব্রিটিশ দূতাবাসের কার্যালয় স্থাপন করা সম্ভব হচ্ছে না।
সাংসদ শেখ ফজলুল করিম সেলিম শ্যুটার আসিফের ওপর পুলিশী হামলার নিন্দা করে বলেন, পুলিশ আইন--শৃঙ্খলা রক্ষা না করে আইন লংঘন করে চলেছে। চট্রগ্রামে সাংবাদিক ও সাংসদ নাসিমসহ অন্যান্য নেতা--কর্মীদের ওপর পুলিশী হামলার ঘটনায় পুলিশী তদন্তের পরিবর্তে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলতে হবে পুলিশের হাত বড় না জনগণের।
সাংসদ ফারুক খান বলেন, দেশ আজ পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপি ও জামাতের ক্যাডারদের পুলিশে চাকরি দিয়ে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে। তাদের লাঠিপেটা করার প্রশিক্ষণ ছাড়া অন্য কোন প্রশিক্ষণ দেওয়া হয়নি।
পুলিশী হামলায় আহত সাংসদ মোহাম্মদ নাসিম সুস্থ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর মঙ্গলবার প্রথমবারের মতো সংসদে যোগ দেন।
তিনি বলেন, বাইরে সংলাপ হবে বলে আমরা আশা করছি। কিন্তু গত পাঁচ বছরে সংসদে কোন সংলাপ হয়নি। নোটিশ দিয়েও বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার কোন সুযোগ পাইনি।
এ পর্যায়ে স্পিকার তার মাইক বন্ধ করে দিলে আওয়ামী লীগের সদস্যরা শেখ সেলিমের নেতৃত্বে ওয়াকআউট করেন।
এ সময় বিএনপির এবাদুর রহমান চৌধুরী মোহাম্মদ নাসিমসহ আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, নাসিমের বক্তব্য সম্পূর্ণ অসত্য। স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি মাটির নিচ থেকে সন্ত্রাসীদের বের করে আনার কথা বলেছিলেন। তারা র্যাবের সমালোচনা করলেও তারাই রক্ষীবাহিনী গঠন করেছিলেন। তারা র্যাবের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন, কিন্তু রক্ষীবাহিনীর হাতে নিহতের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিয়েছিলেন?
বিএনপির অধ্যাপক শহীদুল ইসলাম ও শহীদুল ইসলাম মাস্টারও এ আলোচনায় অংশ নেন।
