২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় নির্যাতনের বিরুদ্ধে হাজার হাজার কৃষকের বিক্ষোভ

জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় ডানিডার সমাজভিত্তিক জলমহাল ব্যবস্থাপনা সমিতির সদস্যদের বিরুদ্ধে সোমবার হাজার হাজার কৃষক বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা তিনদিনের মধ্যে জনমহাল ব্যবস্থাপনা কার্যক্রম গুটিয়ে নেওয়ার দাবি জানান।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

স্থানীয় গমইরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ১১টায় শুরু হওয়া এই বিক্ষোভ সমাবেশে নয়টি গ্রামের কৃষকসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন। এর আগে তারা কলাপাড়া--কুয়াকাটা সড়কে প্রতিবাদ মিছিল করেন।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাতুব্বর, আলী আহম্মদ, শেখ আবুল কাশেম, জসিম আলী, আলমগীর হোসেন ও আল-আমিন মিয়াসহ কয়েকজন কৃষক বক্তব্য রাখেন।   

সূত্র জানায়, উপজেলার কুমিরমারা, মজিদপুর, এলেসপুর, ইসলামপুর, নেয়ামতপুর, গমইরতলা, নাওভাঙা, আমিরাবাদ ও পাখিমারা-- এই নয়টি গ্রামের ওপর দিয়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পাখিমারা খাল প্রবাহিত হচ্ছে। খালটি ডানিডার সমাজভিত্তিক জলমহাল ব্যবস্থাপনার নামে লিজ নেওয়া হয়। এরপর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজস্ব লোকদের সমিতির সদস্যভুক্ত করেন। খালের পারে বসবাসকারী বিত্তহীন কৃষকসহ সাধারণ মানুষকে ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়।

এর ফলে খাল পারে সবজি চাষ করে জীবিকা নির্বাহকারী কয়েক হাজার গ্রামবাসী খালের পানি ব্যবহার করার সুবিধা থেকে বঞ্চিত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কৃষকদের অভিযোগ সমিতি অন্তত ২০ লাখ টাকা লুটপাট করেছে।

লিজ গ্রহীতা সমিতির বিরুদ্ধে নিজস্ব ক্যাডার বাহিনী ও পুলিশের সহায়তায় প্রতিবাদকারী কৃষকদের ওপর নির্যাতন চালানোরও অভিযোগ ওঠে।

তবে এ ব্যাপারে সমিতির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।