২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে, মহাক্ষুধা নিয়ে দেশের সম্পদ লুট করছে তারা: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জোট সরকারকে দুর্নীতিবাজ, ভাওতাবাজ, প্রতিহিংসাপরায়ন, খুনি, জঙ্গিবাদের মদদদাতা ও ওয়াদা ভঙ্গকারী উল্লেখ করে বলেছেন, বিএনপিই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 03:51 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তিনি বলেন, মুচলেকা দিয়ে কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল মহাক্ষুধা নিয়ে। আর দেশের মানুষের সম্পদ লুট করে মহা হজমশক্তি নিয়ে তারা সবকিছু হজম করে যাচ্ছে। ভোগই তাদের নীতি। গত চার বছরে তারা দেশের মানুষের কত অর্থ সম্পদ লুট করেছে, তার হিসাব জাতিকে অবশ্যই দিতে হবে। 

শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে বৃহস্পতিবার শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্ট নেতাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য পৃথক নিয়োগ ও বেতন কাঠামো এবং আলাদা নীতিমালা গঠন করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আগামীতে ক্ষমতায় আসতে পারলে শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়া বাস্তবায়ন করা হবে বলেও তিনি ঘোষণা দেন। 

শেখ হাসিনা বলেন, দারিদ্র্যমুক্ত জাতি গড়তে শিক্ষিত মানুষ গড়তে হবে। তাই শুধু মেয়েদের নয়, øাতক পর্যন্ত ছেলেদেরও বেতন  অবৈতনিক করা উচিত।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, একটি দল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে যে কথা তিনি বলেছেন, তা তার দলের (বিএনপি) ক্ষেত্রেই প্রযোজ্য। কেননা, তার স্বামী জিয়াউর রহমান মার্শাল ল’ দিয়ে রাষ্ট্রপতিকে বন্দুকের নল ঠেকিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। তারা প্রতিবারই ক্ষমতায় এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোট কারচুপি করে। পেছনের দরজা দিয়ে তারাই ক্ষমতায় আসে। বেগম জিয়া দেশ ও জাতির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে মুচলেকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন।

শেখ হাসিনা বলেন, আমি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করি। আমার কাছে প্রধানমন্ত্রীর পদ বড় নয়। 

জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই গ্রেফতার না হওয়া প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী নিজেই তো খুনি আর জঙ্গিদের মদদদাতা। তিনি ওদের খুঁজে পাবেন কীভাবে? ওরা তো তার (প্রধানমন্ত্রী) ঘরেই আছে। এখন শুধু রেড বাটন ও গ্রীন বাটনের খেলা খেলছেন তিনি। 

তিনি বলেন, জোট সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। তাই শেষ কামড় বসাচ্ছে তারা। একের পর এক মানুষ হত্যা করছে। সকল শ্রেণী পেশার মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ একে একে সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করছে। তাই এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে শিক্ষক কর্মচারীসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। 

সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমদের নেতৃত্বে আগত নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শেখ আমানুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, আজিজুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মির্জা মহিউদ্দিন, অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যাপক আবু তাহের, অধ্যক্ষ আব্দুর রশিদ, অধ্যাপক মজিবুর রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, এমএ সাত্তার ও অধ্যাপক আসাদুল হক।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ড. মহিউদ্দিন খান আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।