জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি ঘোষণা, হুদা সভাপতি, আমিনুল হক সাধারণ সম্পাদক
ব্যারিস্টার নাজমুল হুদাকে সভাপতি এবং তার প্রতিদ্বন্দ্বী গ্রুপের নেতা ব্যারিস্টার আমিনুল হককে সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার রাতে ৩০১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করেছে ব্যারিস্টার হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
নতুন এ কমিটিতে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সভাপতি অ্যাডভোকেট টিএইচ খানকে প্রধান উপদেষ্টা এবং অপর নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপিকে উপদেষ্টা করা হয়েছে।
তবে প্রতিদ্বন্দ্বী গ্রুপের নেতারা এ প্রস্তাবের পাশাপাশি নতুন কমিটি গঠনকে প্রত্যাখান করেছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বৃহস্পতিবার ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জাতীয় সম্মেলনে অ্যাডভোকেট মাহবুবুর রহমান এমপি নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
এদিকে বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে করা হয়েছে প্রথম যুগ্ম মহাসচিব এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক।
তবে পূর্নাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।
অ্যাডভোকেট টিএইচ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হুদার নেতৃত্বাধীন কমিটিতে দেওয়া পদ গ্রহণ করার প্রশ্নই আসে না।
তিনি বলেন, ব্যারিস্টার নাজমুল হুদাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ অমান্য করে তিনি এ সম্মেলন আহ্বান করেছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার জন্যে তার শাস্তি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
