২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিসহ নতুন ২ ইসি’র পদত্যাগ ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না: ১৪ দল

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নতুন দুই নির্বাচন কমিশনারের (ইসি) নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবিতে আওয়ামী লীগসহ ১৪ দল বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

দাবিগুলোর মধ্যে আরো রয়েছে-তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং একতরফাভাবে নতুন ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম বন্ধ করা।

দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে নগরীর মুক্তাঙ্গনে মিছিলপূর্ব সমাবেশে ঘোষণা করা হয়,

সিইসি’র পদত্যাগ, দুই নির্বাচন কমিশনারের নিয়োগ বাতিল ও সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি তার বক্তব্যে সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও অবাধ নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ এনে বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বানচাল করতে দলীয় লোক নিয়োগ দিয়ে বিধি-বিধান লংঘন করা হচ্ছে। বিএনপি-জামাত নির্বাচন কমিশনকে জোট ও দলীয় আখড়ায় পরিণত করেছে। হাইকোর্টের রায় অবজ্ঞা করে সরকারের তল্পিবাহক সিইসি একতরফাভাবে মনগড়া ভোটার তালিকা প্রস্তুতের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, এই ষড়যন্ত্রের ভোটার তালিকা বন্ধ করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। জনগণের এই দাবি মানা না হলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

আব্দুল জলিল বলেন, বর্তমান সিইসি ও দলীয় নির্বাচন কর্মকর্তাদের অধীনে ষড়যন্ত্রের এই ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হলে মানুষ অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এতে দেশের গণতন্ত্র ধ্বংস হবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত জোট পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায় বলে নির্বাচন কমিশনে দলীয় আজ্ঞাবহ লোক নিয়োগ করেছে। এ কারণে দেশবাসী সিইসি’র অবৈধ নিয়োগ আগেই প্রত্যাখ্যান করেছে। পরে নির্বাচন কমিশনার হিসেবে যে দু’জন দলীয় লোক নিয়োগ করা হয়েছে, তার একজনের বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। আর অপরজন দেশের নির্বাচনের ইতিহাসে কারচুপি বিশারদ হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনেও আপনাকে প্রত্যাখ্যান করবে। কারচুপি করে ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছেন, তা সফল হতে দেয়া হবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অবৈধ জোট সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। 

আব্দুল জলিল আগামী রোববারের দেশব্যাপী হরতাল, ২৩ জানুয়ারির পল্টন ময়দানের জনসভা এবং ৫ ফেব্র“য়ারি ‘চলো চলো - ঢাকা চলো’ স্লোগানে লংমার্চ কর্মসূচি সফল করার ১৪ দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিশাল বিক্ষোভ মিছিলটি পল্টন, বিজয়নগর, কাকরাইল, মৎস্যভবন মোড় ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করে। ২২ জানুয়ারির হরতালের পক্ষে এবং জোট সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তারা স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলে।