সরকার ‘নির্বাচন ইঞ্জিয়ারিং’ এর লক্ষ্যে ভোটার তালিকাকে প্রভাবিত করছে- সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ শুক্রবার সরকারের প্রতি নতুন ভোটার তালিকার নামে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ এনেছে।
নেতৃবৃন্দ পুরনো ভোটার তালিকা বাদ দিয়ে দলীয় কর্মীদের দিয়ে ভোটার তালিকা প্রনয়নকে সরকারের নির্বাচন ইঞ্জিয়ারিং এর প্রথম ধাপ হিসেবে আখ্যায়িত করেছেন।
সিপিবি’র সমাবেশ জাতীয় পার্টির হামলা ও নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে শুক্রবার বিকেলে ধানমন্ডি হাজারীবাগ ট্যানারি মোড়ে আয়োজিত সিপিবির সমাবেশ থেকে বক্তারা এই অভিযোগ করেন। সমাবেশে বক্তারা বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসনের অবসান, সাম্প্রদায়িক জঙ্গি নির্মূল, পতিত স্বৈরাচার হটিয়ে ’৭২- এর সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আন্দোলনকে জোরদার করার জন্য জনগণকে আহবান জানান।
স্থানীয় নেতা মনীষা মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক, বাম গণতান্ত্রিক ফ্রন্টের রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রিয় নেতা এবং হাজারিবাগ ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আতিকুল হক খান, আলমগির কবির প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ট্যানারি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জিগাতলা মোড়ে এসে শেষ হয়। এছাড়া সমাবেশ থেকে আগামী ৭ জানুয়ারি বিকেলে মোহাম্মদপুর টাউন হল মোড়ে সিপিবির সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে বলে ঘোষনা করা হয়।
