নতুন ভোটার তালিকার প্রয়োজন নেই, সংস্কারের দাবি আদায় করেই নির্বাচন করবো: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকারকে তত্ত্বাধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে বাধ্য করা হবে। সংস্কারের দাবি আদায় করেই আমরা নির্বাচন করবো।
ইংরেজি বছরের শুরুতে রোববার সুধাসদনে দলের বিভিন্ন স্তরের নেতা--কর্মীরা শেখ হাসিনাকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর সময় সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপি জামাত জোট সরকার জনগণের দাবি উপেক্ষা করে নতুন ভোটার তালিকা করছে, যেন আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের বাদ দেওয়া যায়। লুটপাট করতেই তারা এটি করছে। অথচ নতুন কোনও ভোটার তালিকা তৈরিরই প্রয়োজন নেই। পুরাতন ভোটার তালিকা হালনাগাদ করলেই হয়।
তিনি বলেন, সরকার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, নতুন বছরে দেশের মানুষ জোট দুঃশাসন থেকে মুক্তি পাবে। বর্তমান দুর্বিসহ অবস্থার অবসান ঘটবে।
আওয়ামী লীগ সভানেত্রী দেশের সার্বিক úরিস্থিতির কথা তুলে ধরে বলেন, অত্যাচারি জোট সরকার আমলে দেশে কোনও মানুষের জীবনে শান্তি নেই, নিরাপত্তা নেই। অত্যাচার নির্যাতন আর লাশ ছাড়া এ সরকার জাতিকে আর কিছুই দিতে পারেনি। খাদ্য উদ্বৃত্তের দেশকে পরিণত করেছে ঘাটতির দেশে। অন্যদিকে তারা জনগণের সম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে।
তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র জঙ্গিবাদের উত্থান, বোমা, গ্রেনেড হামলা আর দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ উদ্বিগ্ন। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে।
শেখ হাসিনা বলেন, জোট দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিতে আন্দোলন সংগ্রাম চলছে। আন্দোলনের মাধ্যমে জোট সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা হবে।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনিও দলের নেতা-কর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং উপস্থিত সকলকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।
