২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মনমোহন ও শেখ হাসিনা ঐকমত্যে

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং বাংলাদেশের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা একমত প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

রাশেদ চৌধুরী,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ভারত সফররত আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতকালে তারা এ ঐকমত্যে পৌঁছান।

ড. মনমোহন সিংয়ের দক্ষিণ ব্লকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় ৪০ মিনিটব্যাপী এ সৌজন্য বৈঠকে তারা আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতা, সুশাসন এবং দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনা করেন।

সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা ১১টা ১০ মিনিটে এ বৈঠক শেষ হয়। বৈঠকে দু নেতাই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন এ ব্যাপারে দু’দেশেরই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সুযোগ রয়েছে।

মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক শেষে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, এটি ছিল সৌজন্য বৈঠক। আমরা অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে এবং আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে আলোচনা করেছি। তিনি বলেন, এসব ব্যাপারে আমরা একত্রে কাজ করতে পারি।

বৈঠক সফল হয়েছে বলে শেখ হাসিনা উল্লেখ করেন।

শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে বলেন, বৈঠকে শেখ হাসিনা বলেছেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশেরও সমান প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

বৈঠক সূত্র জানায়, মনমোহন সিং গত বছরের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর যে গ্রেনেড হামালা হয়েছিল সে ব্যাপারে খোঁজ খবর নেন এবং ওই হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

কাজী জাফরুল্লাহ এমপি ও সোহেল তাজ এমপিও বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক শেষে শেখ হাসিনা ভারতের বিরোধী দলীয় নেতা এলকে আদভানির সঙ্গে পৃথক একটি বৈঠক করেছেন।

পৃথ্বীরাজ রোডেএলকে আদভানির বাসভবনে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টা ২৫ মিনিটে শুরু হয়ে ৪০ মিনিট ধরে চলে এ বৈঠক।

সূত্র জানায়, বৈঠকে আদভানি সন্ত্রাসবাদের বিষয়টি তুলে ধরেন এবং জঙ্গি হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, মুলতঃ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

আদভানিকে উদ্ধৃত করে একটি সূত্র জানায়, আদভানি মুলত ভারতের নিরাপত্তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেন।

আদভানি বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা না ভেবেই সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করার রীতি।

পরে শেখ হাসিনা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তার দক্ষিণ ব্লকের কার্যালয়ে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ সৌজন্য বৈঠকে তারা আওয়ামী লীগ ও ভারতের কংগ্রেসের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং তাদের আন্তরিক বন্ধনের কথা স্মরণ করেন। বৈঠক শেষে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে বলেন, উপমহাদেশের সার্বিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী নটবর সিংয়ের সঙ্গে শেখ হাসিনার যে সৌজন্য বৈঠক করার কথা ছিল তা পরিবর্তন করে শনিবার বিকেলে নিয়ে যাওয়া হয়েছে।