২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন আব্দুল জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে কারচুপি ও অনিয়মের সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি থাকা সত্বেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে আমরা দেশের মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

আওয়ামী লীগের ভাষায় ‘ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতি’র চার বছর পূর্তির প্রাক্কালে শুক্রবার দলীয় সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জোটের চার বছরের দুঃশাসনে দেশ আজ বিপন্ন। বিপর্যস্ত জনজীবন। দেশের প্রতিটি মানুষ আজ নিরাপত্তাহীন। মানুষ দিশেহারা। বিএনপি জামাত জোটের চার বছরের শাসনামল বাংলাদেশের মানুষের কাছে এক বিভীষিকায় পরিণত হয়েছে।

তিনি বলেন, একটি সরকারের কাছে মানুষের যা প্রত্যাশা থাকে, তার কোনোটিই পূরণ করতে পারে নি জোট সরকার। নির্বাচনকে প্রভাবিত করার সকল আয়োজন সম্পন্ন করেছে তারা। তাই এ সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। দেশের মানুষ আজ জোট দুঃশাসন থেকে মুক্তি চায়।

আব্দুল জলিল ১ অক্টোবর থেকে দলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জোটকে ক্ষমতাচ্যুত করে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-পহেলা অক্টোবর ‘ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতি দিবস’ পালন উপলক্ষে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সেমিনার, ১০ অক্টোবর বিএনপি জামাত জোটের ক্ষমতা গ্রহণের দিন অর্থাৎ সরকারের চার বছর পূর্তিতে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিশেষ ভাষণ।

ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠেয় সুধী সমাবেশের মাধ্যমে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের ৫ বছর ও বিএনপি জামাত জোট সরকারের ৪ বছরের শাসন ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরবেন। আগামী দিনে সরকার পরিচালনার সুযোগ পেলে আওয়ামী লীগের প্রতিশ্রুতিগুলোও উপস্থাপন করবেন দলীয় প্রধান শেখ হাসিনা।

এ ছাড়া, বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক ও খাতওয়ারি ১৫ টি সেমিনার ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে আওয়ামী লীগ। এ সকল সেমিনার ও প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর জোট সরকারের কার্যক্রম ও আওয়ামী লীগ শাসনামলের কার্যক্রমের তুলনামূলক চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে প্রকাশ করা হবে বিশেষ ক্রোড়পত্র।

এ ছাড়া জোট সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিবাদে চার অক্টোবর দেশব্যাপী পালিত হবে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় মুক্তাঙ্গনে আয়োজন করা হবে বিক্ষোভ সমাবেশের।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ছাড়াও কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান নূর এমপি ও মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন।