সরকারের অত্যাচার নির্যাতনে মানুষ চরম আতংক ও অস্থিরতায় দিন কাটাচ্ছে : জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, বিএনপি জামাত জোট সরকারের হত্যা, অত্যাচার, নির্যাতনে দেশের মানুষ আজ চরম আতংক ও অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রব্য মূল্যের সীমাহীন উর্ধগতিতে ক্রয়ক্ষমতা মানুষের নাগালের বাইরে চলে গেছে।
সোমবার রাজধানীর উত্তরার দক্ষিণখান আদর্শ ইউনিয়নের আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শিশু কিশোর সংগঠন মুজিব সেনা পরিষদ আয়োজিত বিনামূল্যে গরীব ও দুঃস্থদের মাঝে চিকিৎসা সেবা, ওষুধ ও মশার কয়েল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জলিল এ কথা বলেন।
তিনি আরও বলেন, গরীব ও দুঃস্থদের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তিনি এই দুর্দিনে মুজিব সেনা পরিষদকে দেশব্যাপী এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ এম শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহারা খাতুন ও ঢাকা-৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব একেএম রহমতউল্লাহ, মুজিব সেনা পরিষদ সম্পাদক লস্কর জাহাঙ্গীর সরোয়ার, অ্যাডভোকেট সুরুজ্জামান ও লাইসুজ্জামান।
