আরও ১ জন জেএমবি সদস্য গ্রেপ্তার, ৪ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে খুলনা পুলিশ রোববার জেলার রূপসা উপজেলার তিলক গ্রাম থেকে খায়রুল আলম (২৩) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে বাগেরহাট, ঢাকা এবং গাজীপুরে আটক চারজন জেএমবি সদস্য আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এছাড়া বাগেরহাটের মোল্লাহাটে ৯ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত আহলে হাদিস নেতা দাউদ শেখকে পুলিশ সোমবার জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, রোববার রাতে আটক খায়রুল আলম বাগেরহাটের ফকিরহাট উপজেলার বায়ৈডাঙ্গা গ্রামের একটি মসজিদের ইমাম।
পুলিশ জানায়, ধৃত খায়রুল ইসলাম ২০ আগস্ট থেকে এলাকাছাড়া থাকায় সন্দেহজনকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে খুলনার কয়রা উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মুনছুর আলী শেখের পুত্র।
বিডিনিউজ ঢাকা-র আদালত প্রতিনিধি জানান, জেএমবি’র আরও তিনজন সদস্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (এমএম) কাছে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সোমবার এমএম ননী গোপাল বিশ্বাসের খাস কামরায় জেএমবি’র কম্পিউটার অপারেটর নূর আজম সিদ্দিকী ইয়াসির ও বেলাল এবং এমএম মীর আলী রেজার কাছে আবদুর রহমান মাসুদ এ জবানবন্দি দেয়।
নূর আজম সিদ্দিকী ইয়াসির ও বেলালকে ৮ সেপ্টেম্বর পূর্ব বাসাবোর ১০২/১ নম্বরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মাসুদকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।
বেলাল ও ইয়াসির জানায়, শায়খ আবদুর রহমানের ভাই আতাউর রহমান ওরফে সানি তাদের থাকা খাওয়ার খরচ যোগাতো। ইসলামি শাসতন্ত্র কায়েমের জেহাদী কাগজপত্র এখান থেকেই কম্পিউটারে কম্পোজ করা হতো। ১৬ আগস্ট রাতে লিফলেটগুলো খামে ঢোকানো হয়। সানি খামগুলো নিয়ে যায়। এর আগে জুলাইয়ের মাঝামাঝি সানি একটি ট্রাংক নিয়ে পূর্ব বাসাবোর বাসায় আসে। ১৭ আগস্ট বোমা হামলার পর ৭ সেপ্টেম্বর রাত আড়াইটায় পুলিশ ট্রাংকটি উদ্ধার করে।
বোমা হামলার পর সানি ইয়াসিরকে দ্ ুলাখ টাকা দেয়। বেলালকেও সানি মাসে তিন হাজার টাকা দিতো। ডিবি পুলিশ বাসাবোর বাসা থেকে অস্ত্র ও জেহাদি পুস্তক উদ্ধার করে। ইয়াসির আরও জানায়, এর আগে বাগমারায় সে ট্রাক মিছিলে নেতৃত্ব দেয়। তারা এ কাজের জন্যে অনুতপ্ত বলেও জানায়।
এদিকে টঙ্গীর আমিরুল মিল্লাত মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র আবদুর রহমান মাসুদ ম্যাজিস্ট্রেটের কাছে জানায়, দু’বছর আগে দু’জন লোক তাদের মাদ্রাসায় আসে। তারা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে। ১৭ আগস্ট সকালে সে নিজে খিলক্ষেত ওভারব্রীজের গোড়ায় বোমা রাখে। এ বোমাটি তাকে দেয় জেএমবি’র সাভার শাখার নেতা জাহিদ।
বাগেরহাটে বোমা হামলার ঘটনায় চিতলমারী থেকে আটক জেএমবি সদস্য আব্দুল্লাহ শেখ (৪৫) ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ মামলার সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে জবানবন্দিতে সে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করেনি।
রোববার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. সবুর হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন।
আব্দুল্লাহ শেখ (৪৫)কে গত ২১ সেপ্টেম্বর রাতে চিতলমারী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। সে চিতলমারী বাজারের সাবেক নৈশ প্রহরী এবং চিতলমারীর আড়ুয়াবর্ণি গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র।
এদিকে বাগেরহাটে বোমা মামলায় আটক আহলে হাদিস নেতা দাউদ শেখকে পুলিশ গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। মোল্লাহাটের সারুলিয়া আহলে হাদিস মসজিদের ইমাম দাউদ শেখকে ৯ সেপ্টেম্বর বেশ কিছু লিফলেট ও পুস্তকসহ আটক করা হয়। তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ ১১ সেপ্টেম্বর রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্যে কারাগার থেকে রিমান্ডে আনা হয়।
