২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের কলা ভবন কমিটিতে ঢুকছে শিবির নেতারা

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবির কলা ভবন শাখার নেতৃত্বে আসছে শিবিরের নেতাকর্মীরা। ছাত্রদলের ভেতরে ঢুকে কলা ভবন শাখার সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন ঢাবি শিবির শাখার এক নেতা। দীর্ঘ ৭ বছর পর শনিবার এ কমিটি ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বর্তমান কমিটিতে ছাত্রদল নামধারী শিবিরের একাধিক নেতাকর্মী পদ পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সিদ্দিক আজাদ নামে এফ রহমান হল ছাত্র শিবিরের এক নেতা কলা ভবনের সাধারণ সম্পাদক পদে শক্ত প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেতার পৃষ্ঠপোষকতায় সে ছাত্রদলের রাজনীতি করছে বলে জানা গেছে। এফ রহমান হলের ৪০৫ নম্বর কক্ষ থেকে সে নিয়মিত শিবিরের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কলাভবনের সাধারণ সম্পাদক হওয়ার জন্য সে অনাবাসিক ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের কাছে আবেদন জমা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে সে চট্টগ্রাম মহসিন কলেজ শাখার শিবিরের সাথী ছিলো।

এছাড়া লোক প্রশাসন বিভাগের ছাত্রদলের সভাপতি মামুন মুজতবা শিবিরের নেতা এবং ফার্সি বিভাগের সভাপতি রাশেদুজ্জামানও শিবিরের সাথী বলে জানা গেছে।

এর আগে বেশ কয়েকবার কলাভবন কমিটি গঠনের উদ্যোগ নিলেও নানা জটিলতার কারণে তা গঠিত হয়নি। ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু তিন বছর আগে এ কমিটি গঠনের উদ্যোগ নিলে সে সময় ব্যাপক সাড়া মেলে। সে সময় প্রতিটি বিভাগের কমিটি ঘোষণা হলেও বিশ্ববিদ্যালয়ের কমিটির আভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে কলাভবন কমিটি গঠিত হয়নি। এরপর কয়েকবার চেষ্টা করেও কমিটি গঠন করা যায়নি। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পর তারা নতুন করে কলা ভবন কমিটি গঠনের উদ্যোগ নেয়।

ছাত্রদলের নিবেদিত কর্মীদের বাদ দিয়ে শিবির নেতাদের কলাভবন কমিটিতে রাখতে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা কাজ করছেন বলে সংগঠনের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের কাছ থেকে জানা গেছে। এ ঘটনায় নিবেদিত কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এ ধরনের কোন তথ্য আমরা পাই নি। সে যদি সত্যিই শিবির নেতা হয় তাহলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।