২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে এমপিদের পারিতোষিক বৃদ্ধিসহ চারটি বিল পাস

সংসদে সোমবার এমপিদের বেতন-ভাতা বৃদ্ধি এবং বিশুদ্ধ খাদ্য আইনসহ চারটি বিল পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বিলগুলো হচ্ছে: দি সুপ্রীম কোর্ট জাজেস (রেমুনারেশন এন্ড প্রিভিলেজেস) বিল, ২০০৫, দি মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন এন্ড অ্যালাউন্স) (সংশোধন) বিল, ২০০৫, বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য (সংশোধন) বিল, ২০০৫ এবং দি সিডস (সংশোধন) বিল, ২০০৫।

বেলা ১০টা ৪০ মিনিটে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমে এক ঘন্টা প্রশ্নোত্তর পর্ব শেষে অন্যান্য কার্যক্রম স্থগিত করে আইন প্রণয়ন কার্যাবলী শুরু হয়।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপিদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য দি মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন এন্ড অ্যালাউন্স) (সংশোধন) বিল, ২০০৫ উত্থাপন করেন।

বিলের ওপর আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, হাফিজউদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল ও মশিউর রহমান রাঙ্গা। তারা বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্রস্তাব করেন। জনমত যাচাই ও পারিতোষিকসহ অন্যান্য সুযোগ সুবিধার বৃদ্ধি সংক্রান্ত তাদের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

পরে বিলটি সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়। নতুন আইন অনুযায়ী এখন থেকে এমপিরা পারিতোষিক হিসেবে ১০ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা করে পাবেন।

এরআগে আইনমন্ত্রী সুপ্রীম কোর্টের বিচারপতিদের পারিতোষিক ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য দি সুপ্রীম কোর্ট জাজেস (রেমুনারেশন এন্ড প্রিভিলেজেস) বিল, ২০০৫ সংসদে উত্থাপন করেন। বিলটি আলোচনা শেষে কোনো সংশোধনী ছাড়াই সংসদীয় কমিটির সুপারিশকৃত আকারে সংসদে পাস হয়।

পাস করা আইন অনুযায়ী পারিতোষিক হিসেবে প্রধান বিচারপতি, আপীল বিভাগের বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ যথাক্রমে ৩০ হাজার ৫০০, ২৯ হাজার ও ২৭ হাজার টাকা করে পাবেন। তাঁরা বর্তমানে পারিতোষিক হিসেবে ২১ হাজার, ২০ হাজার ও ১৮ হাজার ৫০০ টাকা পান।

খাদ্যে ভেজাল মিশ্রণজনিত সমস্যা রোধে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য (সংশোধন) বিল, ২০০৫ সংসদে উত্থাপন করেন। বিলটি আলোচনা শেষে কোনো সংশোধনী ছাড়াই সংসদে পাস হয়।

নতুন আইন অনুযায়ী, হোটেল, রেস্তোঁরা, আবাসিক হোটেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রস্তুতকারক ও বিক্রয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল খাদ্য ও নিকৃষ্ট মানের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির মতো অপরাধের জন্য শাস্তি হিসেবে সর্বোচ্চ তিন বছরের কারদণ্ড ও দুলাখ টাকা জরিমানার বিধান করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া এ আইনে খাদ্যের মান পরীক্ষাকারী বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে তার কাজে বাধা দেওয়া হলে তার শাস্তি তিন লাখ টাকা এবং তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। এ আইনে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ও তিন মাসের কারাদণ্ডের বিধান থাকছে।

এছাড়াও কৃষকদের জন্য মান সম্মত বীজ নিশ্চিত করতে দি সীডস (সংশোধন) বিল, ২০০৫ সংসদে পাস হয়। কৃষিমন্ত্রী এমকে আনোয়ার বিলটি পাসের জন্য উত্থাপন করলে আলোচনা শেষে বিলটি পাস হয়।

সংসদ অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।