হিমায়িত খাদ্য রফতানিতে গত অর্থবছরে আয় ২,৫৮৮ কোটি টাকা
হিমায়িত খাদ্য রফতানির মাধ্যমে ২০০৪-০৫ অর্থবছরে আয় হয়েছে দুই হাজার পাঁচশ ৮৮ কোটি টাকা।
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী রোববার জাতীয় সংসদে বলেন, হিমায়িত চিংড়ি রফতানির মাধ্যমে দেশ গত অর্থবছরে দুই হাজার দুই শ ৫০ কোটি ১৭ লাখ টাকা আয় করেছে। একই সময়ে হিমায়িত মৎস্য রফতানির মাধ্যমে আয় হয় তিনশ’ ৩৭ কোটি ৮৩ লাখ টাকা।
কুমিল্লা-১ আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের অর্থবছরের তুলনায় গত অর্থবছরে কৃষিজাত দ্রব্য রফতানি ১০০ ভাগ বেড়েছে।
তিনি বলেন, গত ২০০৪-০৫ অর্থবছরে কৃষিজাত দ্রব্য রফতানিতে চার কোটি ১৩ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।
২০০৪-০৫ অর্থবছরে দেশ রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে বলে মন্ত্রী জানান।
অপর এক প্রশ্নের জবাবে শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০২-০৩ সালের জরিপের উল্লেখ করে জাতীয় সংসদকে জানান, দেশে মোট বেকারের সংখ্যা ১২ লাখ নয় হাজার।
