২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার কোনোক্রমেই বোমাবাজদের দায়িত্ব এড়াতে পারবে না: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি জামাত জোট সরকার কোনও ক্রমেই বোমাবাজদের দায়িত্ব এড়াতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বোমাবাজ মোল্লারা এখন ইসলামি আইন বাস্তবায়নের নামে জনগণকে ভয় দেখাচ্ছে। আগামী নির্বাচনে এরাই ধানের শীষ-দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণকে ভয় দেখাবে।

ঢাকায় বুধবার এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, জোট সরকারকে ক্ষমতায় রেখে বোমা গ্রেনেড অস্ত্রের হোতাদের ধরা যাবে না। তাই জাতীয় নিরাপত্তার জন্যে জোট সরকারকে অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।

সংবিধান, গণতন্ত্র, মসজিদ-মাজার রক্ষার জন্যে বোমাবাজ মোল্লাদের বিরুদ্ধে ইমাম, মুয়াজ্জিন, ওলামা মাশায়েখসহ প্রকৃত ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

‘বোমাবাজ উগ্র মৌলবাদ দমনে ব্যর্থ দুঃশাসক’ জোটের পদত্যাগ ও ছাত্রলীগ (স্ব-ত) নেতা মোমিন হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মীর হোসাইন আখতার।

বক্তব্য রাখেন জাসদ’র সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল, কেন্দ্রীয় নেতা শরীফ নুরুল আম্বিয়া, মোহাম্মদ খালেদ, রোকনুজ্জামান রোকন, করিম সিকদার প্রমুখ।

সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়।