রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পারিতোষিক বৃদ্ধির বিল সংসদে উত্থাপিত
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি, মন্ত্রী, উপমন্ত্রী এবং সাংসদদের পারিতোষিক বাড়ানোর প্রস্তাব করে রোববার জাতীয় সংসদে পৃথক পৃথক ছয়টি বিল উত্থাপন করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিলগুলো উত্থাপন করেন।
বিলগুলো হচ্ছে: ‘দি প্রেসিডেন্টস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’, ‘দি প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল ২০০৫’, ‘দি সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’, দি স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’, দি মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’ এবং ‘দি মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’।
বিলগুলো যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত বিলগুলোতে রাষ্ট্রপতির পারিতোষিক ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৪ হাজার ৪০০ টাকা এবং প্রধানমন্ত্রীর পারিতোষিক ২২ হাজার থেকে ৩২ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। প্রধান বিচারপতির পারিতোষিক ২১ হাজার টাকা থেকে ৩০ হাজার ৫০০ টাকা, আপীল বিভাগের বিচারপতিদের পারিতোষিক ২০ হাজার থেকে ২৯ হাজার টাকা ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পারিতোষিক ১৮ হাজার ৫০০ টাকা থেকে ২৭ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
স্পিকারের পারিতোষিক ২১ হাজার ৫০০ টাকা থেকে ৩১ হাজার ২০০ টাকা এবং ডেপুটি স্পিকারের পারিতোষিক ২০ হাজার টাকা থেকে ২৯ হাজার টাকায় পুন:নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পারিতোষিক যথাক্রমে ২০ হাজার, ১৮ হাজার ও ১৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৯ হাজার, ২৬ হাজার ১০০ এবং ২৪ হাজার ৬৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এদিকে, চেক জালিয়াতি সংক্রান্ত মামলার আপীলের সুযোগের অপব্যবহার রোধে অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান ‘দি নেগোশিয়েবল ইনস্টুমেন্টস (সংশোধন) অ্যাক্ট ২০০৫’ এবং শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুক সংসদে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিল, ২০০৫’ উপস্থাপন করেন।
এাই বিলগুলোও যাচাই ও বাছাইয়ের জন্য সাংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
